সিরিয়ার সামরিক পুলিশ প্রধানের পক্ষত্যাগ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
সিরিয়ার সামরিক পুলিশ প্রধান জেনারেল আবুল আজিজ আল-শালাল বুধবার সরকার পক্ষ ত্যাগ করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে চলমান গণঅভ্যুত্থানে সমর্থন জানিয়েছেন। তিনি পালিয়ে গিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আল-শালাল সিরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয়া অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা। খবর বিবিসির।
এক ভিডিও বিবৃতিতে আল-শালাল বলেন, সিরিয়ার সেনাবাহিনী দেশের জনগণকে রক্ষায় ব্যর্থ হয়েছে। তারা দেশরক্ষার প্রাথমিক দায়িত্ব থেকে সরে গিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর হাতিয়ারে পরিণত হয়েছে বলে আমি পদত্যাগ করছি।
আসাদ সরকার আল-শালালের পক্ষত্যাগের খবর নিশ্চিত করেছে। তবে সরকারের কাছে এর কোন গুরুত্ব নেই। সরকারের একটি সূত্র জানায়, শালাল পক্ষত্যাগ করেছেন, কিন্তু এক মাসের মধ্যেই তিনি অবসরে যেতেন।