নবীনগরে দুই চেয়ারম্যানের
সমর্থকদের মধ্যে সংঘর্ষ
নিহত ২, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চিত্রী গ্রামে সাববাড়ী প্রধান পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শিশু ও সরকার বাড়ী প্রধান বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপ সমর্থকদের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যায় সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
উপজেলার চিত্রী গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাববাড়ী ও সরকার বাড়ীর লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনায় নবীনগর থানায় একাধিক মামলা হয়। ঐ মামলা নিষ্পত্তির লক্ষ্যে সম্প্রতি থানায় আপোষ হয়। এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় সরকার বাড়ীর লোকজন সাববাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সাববাড়ী পক্ষের গুতু মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত এবং মনু মিয়াকে (৬০) হাসপাতালে নেয়ার পথে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বাচ্চু মিয়া, হেলাল, জালাল, অলেক মিয়াকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুন হওয়ার খবর পেয়ে সরকার বাড়ী পক্ষের লোকজন পালিয়ে গেলে সাব বাড়ীর লোকজন ভাংচুর ও লুটতরাজ চালায়। ওসি আবু জাফর দুইজন খুন হওয়ার কথা স্বীকার করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশের ব্যবস্থা করা হয়েছে।