বর্তমান সরকার দেশকে ডিজিটাল দেশে রূপান্তরের জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সফলতাও এসেছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে অনেক পিছনে রয়েছে। প্রসঙ্গত, আমাকে বছরে দু-একবার মেয়ের চিকিত্সার জন্য দিল্লির ‘এইমস’-এ যেতে হয় এবং খরচ কমানোর জন্য এই ভ্রমণ আমাকে রেলপথে করতে হয়। ঢাকা থেকে কলকাতা পৌঁছে আমি কলকাতার ডালহৌসির ফেয়ারলি প্যালেস থেকে কলকাতা-দিল্লি আবার দিল্লি-কলকাতার টিকিট সংগ্রহ করে তবেই দিল্লি রওনা হই। এছাড়া অনেকবার আমি কলকাতা থেকে দিল্লি টু আজমির রুটের টিকিটও সংগ্রহ করেছি। কলকাতা থেকে যদি দিল্লি টু আজমিরগামী ট্রেনের টিকিট সংগ্রহ করা যায়, তাহলে ঢাকা থেকে কেন রাজশাহী টু গোপালগঞ্জ রুটের টিকেট সংগ্রহ করা যাবে না? ঢাকা থেকে এই রুটের টিকিট সংগ্রহ করা গেলে একজন ভ্রমণকারী বা যাত্রী ঢাকা থেকে রাজশাহী গিয়ে সেখানে তার প্রয়োজনীয় কাজ সেরে রাজশাহী থেকে গোপালগঞ্জ যেতে পারবে। অনুরূপভাবে ঢাকা টু চট্টগ্রাম টু সিলেটের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা কোনো জটিল বিষয় নয়। শুধু সকল ট্রেনের টিকেট দেশব্যাপী অনলাইন করলেই এটা সম্ভব। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
শেখ ফরিদ আহমদ
পরিচালক, এটিল ফোর্স,
বাড়ি ৩, রোড ৬/এ, ব্লক জে,
বারিধারা, ঢাকা ১২১২