ক্যানভাসে পানির জন্য প্রার্থনা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:০১
প্রত্যেক শিল্পীই স্বমহিমায় উদ্ভাসিত। প্রত্যেকের কাজের, ভাবনার ধরন ভিন্ন। কিন্তু একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ছবি আঁকতে গেলে সবার ভাবনা বা বলবার ধরন যে এক হবে না তা বলাই বাহুল্য। হলোও না তা। বিষয় ছিল পানি সংরক্ষণ। প্রত্যেক শিল্পীই সে বিষয়কে দেখলেন ভিন্ন ভিন্ন চোখে। কেউ আঁকলেন পাখির ছবি। কেউ জলাধারের। কেউবা বৃক্ষের। উঠে এসেছে গ্রামের মেয়েদের পানি নিয়ে আসা বা পার্বত্য অঞ্চলে ঝরনা থেকে পানি সংগ্রহের বিষয়গুলোও।
পানি সংরক্ষণকে উপজীব্য করে শ্রীলংকার রাজধানী কলম্বোয় বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস ও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) উদ্যোগে গত ২৩ অক্টোবর থেকে চারদিনের চিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়। যাতে অংশ নেন দেশের খ্যাতিমান ১২ জন শিল্পী। সঙ্গে ছিলেন আরও দুই জন অতিথি চিত্রশিল্পী। প্রদর্শনীটিতে স্থান পাওয়া প্রতিটি চিত্রে কখনো আবেগধর্মী, কখনো অর্থময় হয়ে ধরা দিয়েছে পানি সংরক্ষণ ধারণাটি।
একটি খালি কলস। একে ঘিরে চারটি কাক ঘোরাঘুরি করছে। কাকগুলো তৃষ্ণার্ত। একটু পানি খাওয়ার কি প্রাণান্তকর চেষ্টা কাকগুলোর। এ রকম ছবি এঁকেছেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি ছবিটির নাম দিয়েছেন ‘পানির সন্ধানে’। এই শিল্পীরই ‘জলের জন্য প্রার্থনা’ শিরোনামে আরেকটি ছবিতে দেখা গেলো আকাশে ঘন কালো মেঘ। নদীর বুকে ঝড়ো হাওয়া টলমল একটি নৌকা। পাড়ে খালি গায়ে এক গ্রামবাসী আকাশ পানে চেয়ে আছেন। প্রার্থনা করছে বৃষ্টির জন্য।
বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর ‘তৃষ্ণা’ সিরিজের একটি ছবিতে দেখা গেলো সবুজ পাতার ওপর এক বিন্দুু পানি। সেই পানি কখন গড়িয়ে মুখে পড়বে এ রকম প্রতীক্ষায় একটি পাখি। আরেকটি ছবিতে দেখা গেলো তৃষ্ণার্ত মহিষ তার শাবক নিয়ে নদীর পানি খাচ্ছে। এ সব চিত্রই বলে দিচ্ছে মানব ও প্রাণী জগতে পানি কতটা প্রয়োজন। অথচ এই পানি সংরক্ষণে নেই উদ্যোগ।
জাতিসংঘ ২০১৩ সালকে পানি সংরক্ষণের বিষয়ে যে ঘোষণা দিয়েছে তা অবলম্বন করে এই শিল্পীরা ছবি এঁকেছিলেন। শিল্পীরা হলেন— কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রনজিত্ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, কনক চাঁপা চাকমা, মাকসুদা ইকবাল নিপা এবং বিশ্বজিত্ গোস্বামী। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন তাহেরা খানম এবং আবুল মনসুর। ১৪ শিল্পীর আঁকা ২৮টি চিত্রকর্ম নিয়ে গত বুধবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘ওয়াটার কো-অপারেশন’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। চারদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিএটিবি’র চেয়ারম্যান গোলাম মঈনউদ্দীন, বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটিতে স্থান পাওয়া ২৮ থেকে বাছাইকৃত ১২টি ছবি নিয়ে ২০১৩ সালের বর্ণিল ক্যালেন্ডার করেছে বিএটিবি। আগামীকাল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে প্রদর্শনী।