মামলা হচ্ছে বিআরটিএ’র কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার আসামিরা হলেন কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী, ট্রাক মালিক হারুন-অর-রশিদ বাহাদুর, নুরুল ইসলাম, ফয়েজ আহমেদ, সাজাহান খান এবং নাসির উদ্দিন। তাদের বিরুদ্ধে গাড়ি আমদানি ও ভুয়া কাগজপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে সরকারের ৩০ লাখ ১৪ হাজার ৩৮০ টাকার আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হচ্ছে। এ ঘটনায় চট্টগ্রাম থানায় দুদকের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আগামী সপ্তাহে মামলাগুলো দায়ের করবেন। দুদক সূত্র জানায়, অভিযুক্তরা পাঁচটি ভুয়া চালানের মাধ্যমে গাড়ির বিপরীতে ব্যাংকের এলসি, শিপিং ডকুমেন্ট, বিল অফ এন্ট্রি, ইনভয়েস জাল করে সোনালী ব্যাংকের চট্টগ্রাম কাস্টমস শাখার ডিউটি পরিশোধ না করেই গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। অভিযোগে আরো বলা হয়েছে, কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকীর সহযোগিতায় ট্রাক মালিক হারুন-অর-রশিদ বাহাদুর ৫ লাখ ৭ হাজার ৬ শত ৯২ টাকা, নুরুল ইসলাম ৯ লাখ ১ শত ৬ টাকা, ফয়েজ আহমেদ ৪ লাখ ২৩ হাজার ৮ শত ৫০ টাকা, সাজাহান খান ৬ লাখ ৯ শত ৬২ টাকা এবং নাসির উদ্দিন ৫ লাখ ৪ হাজার ২ শত ৩৮ টাকা জালিয়াতির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন।