এনায়েতপুরে থামছে না যমুনার থাবা
হুমকির মুখে মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাজার
চৌহালী(সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১১
১৫ বছর পর সিরাজগঞ্জের এনায়েতপুরে করালগ্রাসী যমুনা নদী আবারো দানবীয় রূপ ধারণ করেছে। তার ক্রমশ থাবায় হারিয়ে যাচ্ছে চাঁদপুর থেকে দক্ষিণে বাঐখোলা পর্যন্ত ৭ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে পুরো ৬টি গ্রাম, ৩টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানসহ ২ সহস্রাধিক ঘরবাড়ি এবং ৩ সহস্রাধিক হেক্টর আবাদী জমি। আর বিলীন হবার পথে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পার বাঁধ। যা বিলীন হলে ভাঙ্গনের তীব্রতর হুমকির মুখে পড়বে প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্ খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও খাজা এনায়েতপুরী (র.) মাজারসহ অসংখ্য ঘর-বাড়ি এবং হাজারো তাঁত কারখানা। বর্তমানে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে খুঁজে ফিরছে একটুখানি মাথা গোঁজার ঠাঁই। এদের অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করলেও পায়নি কোন সহযোগিতা। এ অবস্থায় নদী ভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রীর একটি কার্যকরী উদ্যোগই পারে এ অঞ্চলের লক্ষাধিক মানুষকে রক্ষা করতে।
পলি ফেলে অনাবাদি জমি ফসলী করে একদিকে কৃষকের উপকার করলেও যমুনার ক্ষতির পাল্লাই ভারি সিরাজগঞ্জের এনায়েতপুরে। সরেজমিনে জানা যায়, পানি কমতে শুরু করায় গত ২ মাস ধরে নদীতে তীব্র স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীরবর্তী চাঁদপুর, মাজগ্রামসহ অসংখ্য গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে।
২০০০-২০০১ সালে এলাকার ভাঙ্গন প্রতিরোধে নির্মিত সাড়ে ১৮ কোটি টাকার স্পার বাঁধটি এখানো টিকে আছে। তবে তার অবস্থান নদীর মাঝখানে। যমুনার প্রবল সে্রাতের ফলে বাঁধের স্ট্রাকচারের নিচ থেকে পাথর সরে যাওয়ায় উন্মুক্তভাবে আসা-যাওয়া করছে পানি। তাই কোন সময় তা বিলীন হবার আশংকা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এবং এলাকাবাসীর। আর তা বিলীন হলে হবে আত্মঘাতী বলে জানালেন এলাকাবাসী। খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ ইউসুফ জানান, দেশের সাধারণ মানুষকে স্বল্প খরচে আধুনিক চিকিত্সা প্রদানের জন্য এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খাজা ইউনুছ আলী বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, নার্সিং ইন্সটিটিউট, ইংলিশ মিডিয়াম স্কুলসহ বেশ ক’টি স্থাপনা। যা একটি অলাভজনক জনহিতৈষী প্রতিষ্ঠান। তাই নদী ভাঙ্গনের করালগ্রাস থেকে দেশ ও জনগণের এই সম্পদকে বাঁচানোর জন্য সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করলেন তিনি।