সর্বত্র শীতের দাপট শীতবস্ত্র অপ্রতুল

উত্তরাঞ্চলসহ দেশের সর্বত্র শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে গরিব মানুষ শীতবস্ত্রের অভাবে দারুণ কষ্ট ভোগ করছে। কোন কোন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা নিতান্তই কম। শীতে কোন কোন এলাকায় দুই-একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। খবর ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর \ রংপুরে অসহায় ও দুুঃস্থ শীতার্ত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বুধবার ১শ ২৫টি কম্বল বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যালয়ে হংকং প্রবাসী মহিলা সংস্থা উদ্যোগের সৌজন্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু। মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড ও রংপুর চেম্বার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যকরী সদস্য জহির উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মজিবার রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মমতাজ পারভীন, বীরাঙ্গনা মনছুরা বেগম, আকলিমা খন্দকার, ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান, গোলাম মোস্তফা প্রমুখ। নীলফামারী \ স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও শীতার্তদের মাঝে টিন ও কম্বল বিতরণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সদরের দারোয়ানী ট্রেক্সটাইল মিল বাজারের ক্ষতিগ্রস্ত ১২টি দোকান ও ১০টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া বুধবার শহরের মাধার মোড় ও চাঁদেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫টি দোকান মালিকের মাঝে তিনি ২২ বান্ডিল টিন বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আলিমুদ্দীন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ \ গত প্রায় এক সপ্তাহ ধরে বয়ে চলা শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে নওগাঁর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার অধিকাংশ এলাকা। গত ছয়দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। এদিকে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, শীত মৌসুমে জেলার ১১ উপজেলাসহ পৃথক ৩টি পৌর এলাকার হতদরিদ্র মানুষের জন্য সরকারিভাবে ৬ হাজার ৬৪৯ পিস কম্বল বিতরণ করা হয়েছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আরো এক হাজার কম্বল, দুইশ পিস মহিলা চাদর ও একশ পিস মাফলার বরাদ্দ পাওয়া গেছে এবং নতুন করে আরো ১১ হাজার কম্বল চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। পিরোজপুর \ শহরের কলেজ রোডের খুমরিয়া এলাকায় বুধবার প্রচণ্ড শীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুধাংশু দাস নামের এ বৃৃৃৃদ্ধের বয়স ৭৬ বয়স। পরিবারের সদস্যদের ধারণা এই প্রচণ্ড শীতে তার মৃত্যু হয়েছে। চরভদ্রাসন (ফরিদপুর) \ মঙ্গলবার রাতে নদীভাঙ্গা দুঃস্থ শীতার্ত ৩০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সরকারি ত্রাণ তহবিলের দেয়া ৩০টি কম্বল চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী ও জাকেরেরশুরা বেড়িবাঁধের উপর বসবাসরত পরিবারগুলোর মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম। ঈশ্বরদী (পাবনা) \ ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ইউনিয়ন থেকে ১৫ কিলোমিটার দূরে পদ্মা নদীর জেগে উঠা সাহেবনগর চর। চরে রয়েছে হতদরিদ্র ৩০০ পরিবারের বসবাস। সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান জার্জিস হোসেন জানান, সাহেবনগর চর একটি বিছিন্ন দ্বীপের মতো। এই চরের মানুষ খুবই গরিব। কিন্তু এবারের শীতে এখানে কোন শীতবস্ত্র বিতরণের জন্য কেউ এগিয়ে আসেনি। তিনি জানান, গত সাত বছর আগে এই চরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে তিনটি নলকূপ ও চরবাসীদের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। পাঁচবিবি (জয়পুরহাট) \ বুধবার সরকারিভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে ৪২৭টি কম্বল বরাদ্দ দেয়া হয়, যা চাহিদার তুলনায় অপ্রতুল। প্রতিটি ইউনিয়নে ৪৫টি করে কম্বল সরবরাহ করা হয়। বাকি ৬৭টি কম্বল উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হবে বলে উপজেলা ত্রাণ অফিস জানায়। আলফাডাঙ্গা (ফরিদপুর) \ বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র পল্লী কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউ এন ও মোহাম্মদ আবুল খায়ের প্রায় দেড়শ মহিলা, পুরুষ ও শিশু ছিন্নমূল পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। লালপুর (নাটোর)\ প্রচণ্ড শীতে নাটোরের লালপুর উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের সাথে কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর ও দরিদ্র মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফুজ্জামান জানান, ইতিমধ্যে স্থানীয় সাংসদের বরাদ্দ থেকে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০৪টি কম্বল বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) \ ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর জনজীবন। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। দেখা দিয়েছে ঠাণ্ডা ডায়রিয়াসহ নানা রোগের প্রকোপ। গত ৫ দিন ঈশ্বরদীতে সূর্যের দেখা মেলেনি। মিঠাপুকুর (রংপুর) \ মিঠাপুকুরে বেণুবন বৌদ্ধ বিহারে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রহমান, সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ। বোচাগঞ্জ (দিনাজপুর)\ টানা শৈত্য প্রবাহ আর পৌষ মাসের কনকনে শীতের প্রকোপে বোচাগঞ্জ শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ছাগলনাইয়া (ফেনী) \ ছাগলনাইয়া থানাপাড়া যুব সমাজের উদ্যোগে গত বুধবার পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ি কলোনীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আবদুল ওয়াদুদ শাকিলের সভাপতিত্বে ও আরিফ খানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর মুন্সি নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নজরুল একাডেমির সভাপতি সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল ও সাংবাদিক কামরুল হাসান। চিতলমারী(বাগেরহাট) \ চিতলমারীতে শীতের তীব্রতায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার আড়ুয়াবর্ণী চরপাড়া গ্রামের মোসলেম শেখ (৭০) বুধবার ভোররাতে শীতের তীব্র শীতে মারা যান। মঠবাড়িয়া (পিরোজপুর) \ কয়েকদিনের শৈত্য প্রবাহ ও প্রচণ্ড ঠাণ্ডায় বলেশ্বর নদ তীরবর্তী উপকূলীয় মঠবাড়িয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে প্রচণ্ড ঠাণ্ডায় হতদরিদ্র পান্না মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত পান্না মিয়া উপজেলার উত্তর ভেচকী গ্রামের আর্শেদ আলীর পুত্র।