দামুড়হুদায় ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন ডাক্তার ও নার্স লাঞ্চিতের ঘটনায় দামুড়হুদাসহ জেলাব্যাপী অনির্দিষ্ট কালের জন্য চিকিত্সকদের কর্মবিরতি চলছে। এ কারণে উপজেলার শত শত রোগী চরম ভোগান্তির স্বীকার হয়ে হাসপাতালে এসে চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছে। জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত ডা. মশিউর রহমান লাঞ্ছিত হন। সেই সাথে হাসপাতালে ভাঙচুর করা হয়। এছাড়া আলমডাঙ্গার কণা নার্সিং হোমে শিশু মৃত্যুর ঘটনায় ক্লিনিকের ডা. নূরুন নাহারের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুইটি ঘটনার প্রতিবাদে চিকিত্সকরা ক্ষুব্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে।