শিশু শিক্ষার্থীদের দুর্ভোগ
ভালুকার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৪
ভালুকা উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ না থাকায় শিশু শিক্ষার্থীদের প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভালুকা উপজেলায় সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১শ’ ৫৪টি। তন্মধ্যে সরকারি ৯৪টি এবং বেসরকারি রেজিষ্টার্ড ৬০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে কোন নলকূপ নেই। দীর্ঘদিন যাবত্ ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নষ্ট রয়েছে।
বিদ্যালয়ে নলকূপ নেই এরকম কয়েকটি প্রাথমিক শিক্ষার্থীরা জানায়, পিপাসা পেলে তারা আশপাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করে পান করে। কিন্তু পানির অভাবে তারা স্কুলের টয়লেটগুলো ব্যবহার করতে পারছে না। অধিকাংশ বিদ্যালয়ের টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগাী হয়ে রয়েছে দীর্ঘদিন যাবত্। বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা আক্তার জানান, শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ বিদ্যালয়ে আসার সময় বোতলে করে পানি নিয়ে আসে। যারা আনতে পারে না তাদেরকে আশপাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করে খেতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক জানান, যে সব বিদ্যালয়ে নলকূপ নষ্ট অথবা নেই, সেগুলোর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। হাতল নেই বা সামান্য সমস্যার জন্য যে সব নলকূপ ব্যবহার করা যাচ্ছে না, সেগুলো মেরামতের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যাতে শিশু শিক্ষার্থীদের কারো বাড়িতে বা দোকানে না যেতে হয়।