কেন্দ্রে স্থান পেতে সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৫
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে সুনামগঞ্জের রাজনীতি। কাউন্সিলে কেন্দ্রীয় নেতা হিসেবে জেলার কোন্ নেতা থাকছেন, কে বাদ পড়ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, দলের গত কাউন্সিলে সুনামগঞ্জের দুই নেতা কেন্দ্রে স্থান পেয়েছিলেন। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান কেন্দ্রীয় কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে এবার কাউন্সিলপরবর্তী নতুন কমিটিতে পদ পেতে বেশ কয়েকজন নেতা জোর তত্পরতা ও লবিং শুরু করেছেন। গত কাউন্সিলে পরিবর্তিত রাজনৈতিক অবস্থার কারণে দলের প্রেসিডিয়াম পদ থেকে বাদ পড়লেও এবার এই পদে আসার চেষ্টা করছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়া দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক পদে জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, কার্যকরী সদস্য পদে মুহিবুর রহমান মানিক জোর তত্পরতা চালাচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। নতুন কমিটির পদ পেতে এই নেতারা দলের সভানেত্রী শেখ হাসিনাসহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন।