কালুখালীতে পিকআপ ভাংচুর মামলায় বিএনপির ১৬ নেতা কারাগারে

১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার (বৃহত্তর পাংশা) চাঁদপুর এলাকায় পিকেটিং এবং পিকআপ ভ্যান ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা ও উপজেলা বিএনপির ১৬ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার ওই নেতাকর্মীরা আদালতে জামিন প্রার্থী হলে আদালত তা না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আসামিদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক (সাবু গ্রুপ) লায়ন এ্যাডঃ আঃ রাজ্জাক খান, উপজেলা বিএনপির আহ্বায়ক (হারুন গ্রুপ) সুরুজ আলী মুন্সী, মোসলেম মিয়া প্রমুখ। জানা গেছে, গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে রাজবাড়ী কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় পিকেটারদের হাতে একটি পিকআপ ভ্যান ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পিকআপ ভ্যানের চালক মনিরুল ইসলাম বাদী হয়ে কালুখালী থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপি’র সহ-সভাপতি লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান, কালুখালী উপজেলা বিএনপি’র আহবায়ক সুরুজ আলী মুন্সি, সদস্য সচিব কেএম আইনুল হাবীবসহ বিএনপি’র ১৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ঘটনার দিনই পুলিশ মামলার ১১নং আসামি মিজানুর রহমান ও ১২ নং আসামি জিলাল শিকদারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জিলাল ও মিজানুর আদালতে থেকে জামিনে মুক্তি পায়। এদিকে, মামলার বাদী মোঃ মনিরুল ইসলাম মোবাইল ফোনে জানান, এ মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। একটি সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়া হয়েছে মাত্র।