দাউদকান্দি ও মেঘনা সেতু দিয়ে পার হচ্ছে ওভারলোডেড গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি এবং মেঘনা সেতুর উপর দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচলের সুযোগ দিয়ে এখন প্রতি রাতে লক্ষ টাকার বাণিজ্য হচ্ছে। বন্দর নগরী চট্টগ্রাম এবং অন্যান্য স্থান থেকে অতিরিক্ত মাল বোঝাই করে যে সকল যানবাহন আসে সেগুলো টাকার বিনিময়ে রাতের বেলায় পার হয়ে যায়। দিনের বেলায় সাধারণত ওভারলোডেড যান ইদানিং কম আসে। দিনের বেলায় যে সকল ওভারলোডেড যান আসে সেগুলো সারিবদ্ধভাবে সেতুর পূর্বদিকে অবস্থান করে রাতের বেলায় তা পার হয়ে যায়। দাউদকান্দি ও মেঘনা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও এ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা বলেন টাকার বিনিময়ে টোল আদায়কারী প্রতিষ্ঠানের লোকজন কোন ওভারলোড যানবাহন পার করে না বরং স্থানীয় লোকজন তা করতে এলে প্রশাসনের সহায়তায় প্রতিরোধ করা হয়। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন টোলপ্লাজা এখন বিষ ফোড়ায় পরিণত হয়েছে। সেতুর ক্ষতিসাধন করে টাকার বিনিময়ে যাতে যানবাহন পার হতে না পারে এবং টোলপ্লাজা এলাকায় যাতে কোন অঘটন না ঘটে সেজন্য পুলিশকে সর্বদাই খেয়াল রাখতে হয়।