এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি

আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিটা ভাল হলো না বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। কেননা টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচে তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়ার কাছে তারা হেরে গেছে ৩-৫ গোলের ব্যবধানে। আবার সর্বশেষ খেলাটিতে জাপানকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান। অবশ্য কাতারের দোহায় গতকাল বৃহস্পতিবার রাতেই দল দুটি শিরোপা লড়াইয়ে অংশ নেয়। পাকিস্তান ও মালয়েশিয়া টুর্নামেন্টের লিগ পর্বে ফাইনালে ওঠার জন্য হাড্ডাহাড্ডি লড়ছিল। কিন্তু দুই দলের প্রভেদ গড়ে দেয় ভারত ও মালয়েশিয়ার খেলাটি। মালয়েশিয়রা ৫-৩ গোলে ভারতকে হারালেও তাতে কাজ হয়নি। কেননা শিরোপা লড়াইয়ে যোগ দিতে তাদের প্রয়োজন ছিল চার গোল কিংবা তার চাইতেও বেশি ব্যবধানে জেতা। এশিয়ার শীর্ষ ছয় দলের মধ্যকার এ প্রতিযোগিতায় পাকিস্তান ওমানকে ৮-৩, চীনকে ৫-২ গোলে হারানোর পর মালয়েশিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে পিছিয়ে পড়েছিল। এরপর ভারতের কাছেও লিগ ম্যাচে ০-২ গোলে হারে তারা। সর্বশেষ জাপানের বিরুদ্ধে জয়টি তাদের এগিয়ে দেয়।