ভারত পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ

সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর সমতা ফেরানোর লক্ষ্যে আজ শুক্রবার রাতে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে মাঠে নামবে ভারত। এ জন্য অবশ্য স্বাগতিকদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি সঠিক দল বেছে নিতে হবে। মিডল অর্ডারে চরম ব্যর্থতায় ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম খেলায় পাঁচ উইকেটে পরাজিত হয় ভারত। সঙ্গত কারণেই সিরিজে সমতা আনতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের। তাই দ্বিতীয় ম্যাচে ভাল করাটাই এখন ধোনি ও তার দলের জন্য বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছে। অভিজ্ঞ উমর গুলের নেতৃত্বাধীন পাকিস্তান দলের বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রথম ম্যাচে গৌতম গম্ভীর (৪৩) এবং আজিংকা রাহানে (৪২) ছাড়া আর কোন স্বাগতিক ব্যাটসম্যানই নিজেদের তুলে ধরতে ব্যর্থ হন। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে কেবল মাত্র যুবরাজ সিং এবং সুরেশ রায়নাই রানের ক্ষেত্রে দুই অংকের ঘরে পৌঁছতে সক্ষম হয়েছেন। ভারত যেমনি সিরিজে সমতা আনতে মরিয়া ঠিক তেমনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও সিরিজ জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। স্বাগতিকদের জন্য মরা-বাঁচা এ ম্যাচে জয় পেতে হলে বিরাট কোহলি, যুবরাজ সিং রোহিত শর্মাদের সমন্বিতভাবে ঝলসে উঠতে হবে। ভারতীয় দলের দুর্ভাবনার নাম বোলিং। নিজের অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে ৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করা ভুবনেশ্বর কুমার ছাড়া আর কোন বোলারই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর কোন প্রভাব বিস্তার করতে পারেননি। অশোক দিন্দা, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা সবাইকেই উইকেট পেতে এমনকি রানের গতির রাশ টেনে ধরতে কপাল ঠুকে মরতে হয়েছে। প্রথম ম্যাচে রবিচন্দ্রন আশ্বিনকে দলে না রাখাটা মূলত পাকিস্তানের জন্যই ভাল হয়েছে। সেটা পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজও স্বীকার করেছেন। তাই শেষ ম্যাচে স্বাগতিক দলে হয়তোবা আশ্বিনকে দেখা যেতে পারে। প্রথম ম্যাচে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামা ভারত যদি দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টো অর্থাত্ তিন স্পিনারকে নিয়ে খেলানোর সিদ্ধান্ত নেয় সেটাও অবিশ্বাস্য কিছু হবে না। আশ্বিনকে বাদ দিয়ে জাদেজাকে খেলানোর জন্যও সমালোচনার মুখে পড়েছেন ধোনি। পাকিস্তান অধিনায়ক হাফিজ সরাসরিই বলেছেন, ‘এই দলে আশ্বিন ছিলেন না। সুতরাং আমাদের পরিকল্পনা ছিল— আমাদের যদি নতুন বলে খেলতে হয়, তবে তাদের দলে বিশ্বমানের কোন স্পিনার নেই। আমি জানি যুবরাজ দারুণ ফর্মে আছে। তবে যেহেতু দলে কোন বিশ্বমানের স্পিনার নেই তাহলে আমরা প্রাধান্য বিস্তার করতে পারবো।’ এছাড়া অনেকবার সুযোগ পাওয়া ইশান্ত শর্মাও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন এবং এ ম্যাচের জন্য সেরা একাদশ ঠিক করার আগে নির্বাচকদেরও অনেক বেশি ভাবতে হবে। এ ম্যাচে অতীত পারফরমেন্স বিবেচনা করে আম্বাতি রাইডুকে সুযোগ দেয়া হলে সেটাও একটা মজার ব্যাপার হতে পারে। পাকিস্তানের তিন স্পেশালিস্ট পেসার উমর গুল, সোহেল তানভির এবং অভিষেক হওয়া মোহাম্মদ ইরফানের সমন্বয়ে গড়া পাকিস্তানের বোলিং আক্রমণ চিন্না স্বামীর পেস সহায়ক পিচে সফরকারীদের শক্তিশালী বোলিং লাইনআপের জানান দেয়। আজকের ম্যাচেও এরা সুখ-স্মৃতির পুনরাবৃত্তির চেষ্টা চালাবেন। যদিও সরদার প্যাটেল স্টেডিয়ামের পিচে তারা খুব বেশি সহায়তা নাও পেতে পারেন। ব্যাঙ্গালুরুর ম্যাচে দুই ওপেনার নাসির জামশেদ এবং আহমেদ শেহজাদ ভাল করতে না পারায় সফরকারীরা নিজেদের ব্যাটিং লাইনআপ নিয়ে কিছুটা শংকিত। এমনকি মূল স্তম্ভ হিসেবে বিবেচিত উমর আকমল, কামরান আকমল এবং শহিদ আফ্রিদিও বড় রান করতে ব্যর্থ হন। হাফিজ ও শোয়েব মালিকই প্রথম ম্যাচে জয় নিশ্চিত করায় অন্য ব্যাটসম্যানদের সঙ্গে এ দু’জনও তাদের রানের ধারা অব্যাহত রাখবে বলে আশা করছে পাকিস্তান। ভাল শুরুর পরও প্রথম ম্যাচে পরাজয়ের জন্য মিডল অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারত অধিনায়ক ধোনি। ধোনি বলেন, ‘বড় শট খেলতে গিয়ে ব্যাটসম্যানরা আউট হয়েছে। আমরা নিজেদের ঠিক মত তুলে ধরতে পারলে সহজেই আমরা ২০০ রান করতে পারতাম।’ টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময়ই ভাল অধিনায়ক হিসেবে বিবেচিত হয়ে আসছেন ধোনি। তবে সামপ্রতিক সময়ে তার সে ভাবমূর্তি আর নেই। সব মিলিয়ে ধোনি এখন দলকে কতটা চাঙ্গা করতে পারেন তাই দেখার বিষয়।-বাসস/পিটিআই