আগস্টে পাকিস্তানে আসতে পারে ভারত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:০১
আগামী বছর আগস্টে ভারতকে নিজেদের মাটিতে আতিথেয়তা দিতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্যারিবীয় বোর্ডকে বুঝাতে সক্ষম হয়েছে যে, তারা জুলাই মাসেই দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজটি খেলতে চায়। এর আগে জুন জুলাই মাসে সিরিজটি আয়োজনের কথা ছিল।
পিসিবি’র একটি সূত্র নিশ্চিত করেছে যে, এখন পাকিস্তান দল ক্যারিবীয় দ্বিপপুঞ্জ সফর করবে শুধুমাত্র জুলাই মাসে। এসময় তারা স্বাগতিক ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট, পাঁচটি ওডিআই ও একটি টি২০ ম্যাচ খেলবে।
সুত্রটি জানায়, ‘এখন সমস্যার সমাধান হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী আমাদের দলটি (পাকিস্তান) জুলাই মাসে ওয়েস্টইন্ডিজ সফর করবে।’
এর আগে ক্যারিবীয়রা পাকিস্তানকে অনুরোধ করেছিল তারা যেন সফরসূচিটি কয়েক সপ্তার জন্য স্থগিত করে, নতুবা তাদের পছন্দ মোতাবেক দুইভাগে বিভক্ত করে। যাতে জুলাই মাসেই তারা শ্রীলংকা ও ভারতকে নিয়ে ওডিআই ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করতে পারে। ফলে বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তবে পিসিবি সফরটি জুলাই মাসে আয়োজনের জন্য তাদের সঙ্গে সমঝোতা করে। কারণ দুই দেশের মধ্যে এখন বৈরী ভাব কমে যাওয়ার ফলে আগামী আগস্টে ভারতকে পাকিস্তান সফরে রাজি করাতে পারবে বলে মনে করছে পাকিস্তান বোর্ড। তাছাড়া আইসিসির ভবিষ্যত্ সফরসূচি প্রণয়নের জন্য দুই দেশের দুয়ার এখন উন্মুক্ত।
সুত্রটি জানায়, ‘ভারত যেহেতু তৃতীয় কোন দেশে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে রাজি নয় সেহেতু পাকিস্তান আশা করছে যে, তারা সফরের ব্যাপারে ভারতকে রাজি করাতে পারবে। ’
তিনি বলেন, পিসিবি’র সভাপতি জাকা আশরাফের সঙ্গে সরকার এবং কর্তৃপক্ষের ভাল সম্পর্ক থাকায় এবং তার ওপর প্রেসিডেন্ট আসিফ জারদারির আস্থা থাকায় বোর্ড মনে করছে রাষ্ট্রীয়ভাবে ভারতীয় দলকে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করার মাধ্যমে ওই সফরসূচিটি বাস্তবায়ন করা যাবে।
এদিকে আরেকটি সূত্র বলেছে, দীর্ঘ ৫ বছর পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজ শুরু হওয়ায় দুই বোর্ডের মধ্যে বৈরী ভাবের অবসান ঘটেছে। তাই আগস্টে পাকিস্তানে যাবার প্রস্তাব ভারত মনোযোগ দিয়ে শুনবে বলেই তাদের ধারণা।
চলতি সপ্তাহের শেষ দিকে ভারত সফরের কথা রয়েছে আশরাফের। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
উলে¬খ্য, ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফরকারী শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সশস্ত্র হামলার পর থেকে পাকিস্তান নিজেদের মাটিতে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেনি।-বাসস