দিনাজপুর বোর্ডে
শীর্ষে রংপুর ক্যাডেট
কলেজ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের জেএসসি পরীক্ষায় সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করেছে রংপুর ক্যাডেট কলেজ। ২য় স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর গভ. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় স্থানে রয়েছে দিনাজপুরের চিরিরবন্দর আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ৪র্থ স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৫ম স্থানে রংপুর জিলা স্কুল, ৬ষ্ঠ স্থানে রংপুর দি মিলিনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ, ৭ম স্থানে দিনাজপুর জিলা স্কুল, ৮ম স্থানে দিনাজপুর গভ. গার্লস হাইস্কুল, ৯ম স্থানে ঠাকুরগাঁও গভ. বয়েজ হাইস্কুল, ১০ স্থানে রয়েছে রংপুর গভ. গার্লস হাইস্কুল, ১১তম স্থানে রয়েছে রংপুর আইডিয়াল পাবলিক স্কুল, ১২তম স্থানে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৩তম স্থানে রংপুর পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ১৪তম স্থানে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৫তম স্থানে গাইবান্ধা গভ. বয়েজ হাইস্কুল, ১৬তম স্থানে নীলফামারী গভ. হাইস্কুল, ১৭তম স্থানে পঞ্চগড় গভ. গার্লস হাইস্কুল, ১৮তম স্থানে দিনাজপুর সানলাইট (কেজি) স্কুল, ১৯তম স্থানে কুড়িগ্রাম গভ. হাইস্কুল এবং ২০তম স্থানে রয়েছে ঠাকুরগাঁও গভ. গার্লস হাইস্কুল।
এ বছর দিনাজপুর বোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৩ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৪৭ হাজার ৫০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৩৪ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। ছাত্রের পাসের হার ৮৫ দশমিক ৪১ ও ছাত্রীর পাসের হার ৮৪ দশমিক ৩৭। মোট ৪ হাজার ৫৩৪ জন জিপিএ-৫ প্রাপ্তর মধ্যে ২ হাজার ৪২৭ জন ছাত্র ও ২ হাজার ১০৭ জন ছাত্রী। গত বারের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। গত ২০১০ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ৩৫। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে ২০৫টি কেন্দ্রে মোট ৩ হাজার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ৪৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।