মাদকাসক্তির বিকল্প হোক খেলাধুলা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৯
শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু দেশের যুব সমাজকে মাদকাসক্তির কবল থেকে বাঁচাতে খেলাধুলা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। দেশের অধিকাংশ যুবক আজ মাঠবিমুখ। কৈশোর উত্তীর্ণ অনেক যুবকই খেলাধুলার প্রতি অনীহার ফলে একটি নির্মল বিনোদনের মাধ্যম থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের যুব সমাজকে মাঠে ফেরানো গেলে একদিকে যেমন তাদের শরীরচর্চা হতো, অন্যদিকে তাদের মধ্য থেকে দূর হতো হতাশা। নিজেকে ব্যস্ত রাখলে খারাপ কাজের দিকে মন দিতে পারতো না। তাই ধ্বংসের হাত থেকে বাঁচাতে সঠিক পথে পরিচালিত করতে হলে যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে হবে। খেলাধুলাকে মাদকাসক্তির বিকল্প হিসেবে দাঁড় করাতে হবে। লক্ষণীয় বিষয়, দেশের যুব সমাজের বিরাট একটা অংশ যেহেতু কলেজ পড়ুয়া, সেহেতু উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে ন্যূনতম ঐচ্ছিক হলেও শারীরিক শিক্ষা ও ক্রীড়ার পাঠ্যক্রম থাকলে নম্বর পাবার তাগিদেই তারা খেলার মাঠে ফিরে আসবে। ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে শরীরচর্চা শিক্ষকগণও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণে বাধ্য করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের এখনই অনুধাবন করা বিশেষ প্রয়োজন দক্ষতা, যোগ্যতা ও মেধার পূর্বশর্ত শারীরিক সুস্থতা। আর এই শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত ক্রীড়া চর্চা ও ক্রীড়া অনুশীলনে শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক নির্দেশনা ও নীতিমালা প্রণয়ন করা, যাতে জাতি উপকৃত হয়।
চঞ্চল কুমার কর্মকার,
শরীরচর্চা শিক্ষক, কুমারখালী কলেজ, কুষ্টিয়া।