১৫ বছর পর আওয়ামী লীগের কাউন্সিল

ফেনীতে জয়নাল হাজারী যুগের অবসান হলো

ফেনী জেলা আওয়ামী লীগের কাউন্সিলে নতুন কমিটি গঠনের পর সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী যুগের অবসান হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর বুধবার ফেনী জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। নতুন নের্তৃত্বও এই সম্মেলনে নির্বাচন করা হয়। হাজারীর অনুসারী নেতা-কর্মীদের ধারণা ছিল, কাউন্সিলে তিনি উপস্থিত থেকে একটা চমক দেখাবেন। কিন্তু তাকে কাউন্সিলের শেষ মুহূর্তেও দেখতে না পেরে তার অনুসারীদের মধ্যে হতাশার ছাপ দেখা দেয়। তারা বিশ্বাসই করতে পারছে না—জয়নাল হাজারীর উপস্থিত ছাড়া সম্মেলন সম্পন্ন হবে। তার অনুসারী নেতা-কর্মীদের মাঝে এসব গুঞ্জন দিনভর শোনা গিয়েছিল। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীর পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপরদিকে সভাপতি পদে কাউন্সিলরদের ১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিকম। কাউন্সিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ১৬ জন নেতা বক্তৃতা করেন। কিন্তু একজন নেতাও জয়নাল হাজারীর নামটি বক্তৃতা দেয়ার সময় উচ্চারণ করেননি। জয়নাল হাজারী নামে এখানে একসময় একজন নেতা ছিলেন-সেটিও যেন তারা সবাই ভুলে গেছেন। উল্টো তার নাম উল্লেখ না করে সবাই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। জয়নাল হাজারী প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বিকম বলেন, জয়নাল হাজারীর বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছেন বলে শুনিনি। তিনি কমিটির প্রাথমিক সদস্যও নন। তবে তিনিও বসে ছিলেন না। কেন্দ্রীয় পর্যায়ে জোর তদবির করছেন বলে শোনা গেছে।