সোনালী ব্যাংকে
নতুন চেয়ারম্যান
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৪০
হলমার্ক কেলেঙ্কারি নিয়ে বহু আলোচনা-সমালোচনার পর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস বিভাগের ডিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক।
সরকারি মালিকানাধীন সবচেয়ে বড় এই বাণিজ্যিক ব্যাংকটিতে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত ২০ ডিসেম্বর সোনালী ব্যাংকে আটজনসহ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং চার বিশেষায়িত ব্যাংকে মোট ৩১ জন পরিচালক নিয়োগ দেয় সরকার।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হলমার্ক কেলেঙ্কারির পর সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।
এরপর মাস দুয়েক আগে পর্ষদের মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাহারুল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছিল। হলমার্ক কেলেঙ্কারির পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
হলমার্ক কেলেঙ্কারির পর অভিযোগ ওঠে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাও এই অনিয়মে জড়িত।
এরপর দুর্নীতি দমন কমিশন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদও করে। তবে মামলায় পরিচালকদের কারো নাম আসেনি।