পদ্মা সেতু দুর্নীতি

আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের শিগগিরই প্রাথমিক রিপোর্ট

বিশ্বব্যাংক গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত সম্পর্কে খুব সহসাই একটি প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্ট দেবে। দাতাদের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য দিয়ে জানান, এ মাসের শেষ প্রান্তে অথবা আগামী মাসের একেবারে প্রথমে আমরা তাদের কাছ থেকে একটি প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্ট আশা করছি। এই পর্যবেক্ষণ রিপোর্টে কী থাকতে সে সম্পর্কে প্রশ্ন করা হলে সূত্র বলেন, আন্তর্জাতিক প্যানেলটি—এমনকি বিশ্বব্যাংকের জন্যও অনেক বড় ব্যাপার। তাদের কার্যক্রম সম্পর্কে আগাম বলা কঠিন। বিশ্বব্যাংক আগে এতো ‘হাই প্রোফাইল’ কোন টিমের সঙ্গে কাজ করেনি। তবে তিনি উল্লেখ করেন, আমরা আশা করছি তারা প্রথমে একটি প্রাথমিক রিপোর্ট দেবেন। পরে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে। তবে দাতাদের অন্য একটি সূত্র বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে এজাহার দায়ের করেছে—সেটি পূর্ণাঙ্গ নয় বলে মনে করা হচ্ছে। তারপরও বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। যার ভিত্তিতে হয়তো তদন্ত কার্যক্রমকে একটি আকারে নিয়ে যাওয়ার জন্যে সময় দেয়া হতে পারে। তিনি উল্লেখ করেন, এখানে পদ্মা সেতু নিয়ে যা কিছু হচ্ছে সব বিষয়ে তারা খবর রাখছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করেন। দ্বিতীয় দফা সফরে আলোচনার সময় এজাহারে কার কার নাম থাকবে তা নিয়ে দুদকের সঙ্গে তাদের ‘মতানৈক্য’ দেখা দেয়। এরই মধ্যে দ্বিতীয় দফায় গত ৫ ডিসেম্বর তারা ঢাকা ছাড়েন। এর পরপরই বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান এ্যালান গোল্ডস্টেইন এক বিবৃতিতে জানিয়ে দেন, মামলার নথি দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের দেয়া রিপোর্টের ভিত্তিতেই পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নির্ভর করবে।