অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৪৬ যাত্রীসহ ট্রলার আটক

টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ৪৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গত বুধবার রাতে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরে একটি ট্রলারে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড, মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের জলসীমা থেকে ৪৬ জনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ট্রলারটি গত ৩ দিন আগে রাতের অন্ধকারে শাহপরীর দ্বীপ থেকে রওয়ানা দেয়। কিন্তু সেন্টমার্টিনের অদূরে যাওয়ার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় ২ দিন সাগরে ভাসমান থাকা অবস্থায় কোস্টগার্ডের হাতে ধরা পড়ে।