ছাপা কাগজের দিন কী ফুরোচ্ছে!
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৪৭
সেই ছোট্টবেলা থেকে আজ অবদি পত্রিকা বলতে আমরা সাত সকালে বাড়ির দরজায় হাজির হওয়া কাগজে ছাপা পত্রিকাকেই চিনেছি। এমনকি হালে ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পড়ার বহু সুযোগ থাকলেও আমাদের দেশে ছাপা পত্রিকা তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছিল। যদিও বিশ্ব প্রেক্ষাপটে ক্রমেই জনপ্রিয় হতে থাকা অনলাইন পত্রিকার আর পত্রিকার অনলাইন সংস্করণে বিজ্ঞাপনের পরিমাণ বাড়তে থাকায় অনেকেই ছাপা কাগজের দিন ফুরিয়ে আসার সম্ভাবনা দেখছেন। আর ছাপা কাগজের এই দিন ফুরাবার গুঞ্জনে সবচেয়ে বড় হাওয়া যোগাচ্ছে আমেরিকার প্রভাবশালী সাময়িকী নিউজউইক। দীর্ঘ ৮০ বছরের কাগজে ছাপা পত্রিকার ঐতিহ্যের সমাপ্তি টেনে নিউজউইক এ মাসেই তাদের সর্বশেষ মুদ্রিত পত্রিকাটি প্রকাশ করেছে যেখানে শিরোনামেই উল্লে¬খ করা হয়েছিল ‘লাস্ট প্রিন্ট ইস্যু’ কথাটি। নিউজউইক জানিয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী মাস অর্থাত্ নতুন বছরের শুরু থেকে শুধুমাত্র অনলাইন সংস্করণেই পড়া যাবে পত্রিকাটি। এ ছাড়া আধুনিক অন্যান্য মাধ্যমের কথা মাথায় রেখে আইপড, কিন্ডল বা মোবাইল ফোনের রিডার ব্যবহার করেও পড়া যাবে নিউজউইক। মূলত একদিকে কাগজ ও কালির দাম বৃদ্ধি আর অন্যদিকে অনলাইন মাধ্যমগুলোর প্রতি পাঠকের ক্রমাগত আগ্রহের কারণে ছাপা পত্রিকা বিক্রির প্রবৃদ্ধি স্থবির হয়ে যাওয়াসহ পরিবেশগত নানা কারণেও ছাপা পত্রিকার কদর কমছে উন্নত বিশ্বে। এদিকে নিউজউইকের দেখানো পথে পা বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সাময়িকী রিডার্স ডাইজেস্টও। সবমিলিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে আর নিত্য-নতুন প্রযুক্তির সাথে পাল¬া দিতে আগামী এক দশকে ছাপা কাগজকে বড় ধরনের পরীক্ষা দিতে হবে বলেই মনে হচ্ছে।