দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে ১২ টাকা মূল্যের ইফিড্রিন ইনজেকশন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১২ টাকায় ক্রয় করা এ ইনজেকশনটির সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা আছে ২৫ টাকা। সোমবার দুপুরে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের সহাকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামে। এ সময় অধিদপ্তরের এক সদস্য ক্রেতা সেজে সদর আধুনিক হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসিতে ইনজেকশনটি ক্রয় করতে যান। তখন তার কাছে এটির মূল্য দাবি করা হয় ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় এটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। সাথে সাথে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ইনজেকশনের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এসময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই সাইদুর রহমানের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি টিম।
তিনি বলেন, জীবন রক্ষাকারী ওষুধে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে পর্যায়ক্রমে হবিগঞ্জের সকল ফার্মেসিতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি ফার্মেসিগুলোকে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন।
০