জোকস
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৪৮
বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান ছোটবেলা থেকেই মহাকাশের বিভিন্ন বিষয় আর গ্রহ-নক্ষত্র সম্পর্কে কৌতূহলী ছিলেন। এ কারণে স্থানীয় লাইব্রেরিতে প্রায়ই এ ধরনের বই এর খোঁজ করতেন তিনি। তবে একবার এক লাইব্রেরিতে স্টারস বা তারকা সম্পর্কিত বই ধার নিতে গিয়ে দেখা দিল বিপত্তি। লাইব্রেরিয়ান স্টারস বা তারকার সঠিক অর্থ বুঝতে না পেরে সেগানকে এনে দিলেন হলিউডি স্টারস্ বা হলিউডের তারকাদের এক জীবনীগ্রন্থ!
ভোজনরসিক আলফ্রেড হিচকক একবার এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। কিন্তু সেখানে খেয়ে খুব একটা তৃপ্তি পেলেন না হিচকক। এদিকে গৃহস্থ নিজেও হিচককের এই অতৃপ্তির বিষয়টা বুঝতে পেরে খানিকটা লজ্জা পেলেন। তাই বিষয়টা সামলে নেওয়ার জন্য তিনি হিচকককে বললেন, ‘আমরা কী খুব শীঘ্রই আরেকদিন একসাথে এভাবে রাতের খাবার খেতে পারি?’
‘বেশ তো, আরেকদিন না করে এখনই তা হতে পারে। রাত তো খুব বেশি হয় নি!’ - জবাবে জানালেন হিচকক।
বিখ্যাত ইংরেজ লেখক চেস্টারটন ছিলেন একটু বাড়াবাড়ি রকমের মোটা। আর তাই তাকে নিয়ে প্রচারমাধ্যম থেকে শুরু করে সমসাময়িক লেখকরা পর্যন্ত ঠাট্টা করতে ছাড়তেন না। এমনই এক ঘটনায় একবার চেস্টারটনকে দেখে সে সময়ের আরেক বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, ‘তোমার মতো এমন মুটিয়ে যাওয়া স্বাস্থ্য আমার হলে আমি অনেক আগেই গলায় দড়ি দিয়ে মরতাম’। এই রসিকতায় বিন্দুমাত্র ঘাবরে না গিয়ে তুলনামুলক কৃশকায় শ’কে উত্তরে চেস্টারটন বলেছিলেন, ‘গলায় দড়ি দেওয়ার কথা ভাবলে আমি অবশ্য তোমাকেই দড়ি বানাতাম।’