সাপ্তাহিক জাহিদ হাসান

দেশের গুণী অভিনেতা নির্দেশক জাহিদ হাসান এবারে চ্যানেল টুয়েন্টিফোরের জন্য ধারাবাহিকভাবে নতুন একটি কনসেপ্টে কাজ শুরু করলেন। এক ঘণ্টার এই সিরিজ নাটকের নাম ‘গ্রেট মিসটেক’। জাহিদ হাসানের সমন্বয়ে প্রতি পর্বে বিভিন্ন বিষয়ের ওপর এক ঘণ্টা নাটক প্রচার হবে। এবারের পর্বের নাম ‘ইলেকশন’। সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টায় প্রচার হবে এই এক ঘণ্টার নাটক। ধারবাহিকভাবে এক ঘণ্টার নাটকের সমন্বয় ও নির্দেশনা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমরা যে যাই বলি না কেন, এক ঘণ্টার নাটকেই বাংলাদেশ সেরা। আমাদের গল্পে যথেষ্ঠ বৈচিত্র্য আছে। সেই ঐতিহ্যগত এক ঘণ্টার নাটকের সিরিজ ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছি। দর্শকেরা আমাদের সাথেই থাকবেন বলেই আমার বিশ্বাস।’ আজ থেকে শুরু হচ্ছে ‘ইলেকশন’ নামের এই সিরিজের প্রথম খণ্ড নাটক। চেয়ারম্যান ইলেকশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রথম পর্বের নাট্য কাহিনী। হারু চেয়ারম্যান বারবার ইলেকশনে হারলেও বাচ্চু উঠে পড়ে লাগে তাকে জয়ী করার জন্য। ইলেকশনে জটিল অবস্থা তৈরি হলে তার পাশে এসে দাঁড়ায় ভাগ্নে তাবিজ মুন্না। সারা শহরে তোলপাড় শুরু হয়ে যায়। ট্যারা বাচ্চু ভালোবাসে হারু চেয়ারম্যানের একমাত্র মেয়ে পরীকে। পরীর বাবাকে জয়ী করতে না পারলে পরীরর সামনে দাঁড়াতে পারবে না ট্যারা মুন্না। এদিকে ঘটনাচক্রে প্রতিপক্ষ তোফা হাসানের সুন্দরী মেয়ে নিশার প্রেমের মায়া জালে আটকে যায়। অনেক সম্ভাবনা থাকা সত্বেও মামা-ভাগ্নের ভুলের কারণে এবার ইলেকশনেও ভরাডুবি হয় হারু চেয়ারম্যানের। এতে অীভনয় করেছেন—জাহিদ হাসান, মীর সাব্বির, তুষার খান, মিমো, রিমুসহ আরও অনেকে।