নাচের ছন্দে মুখর শিল্পকলা একাডেমি

নাচের তালে, লয়ে, মুদ্রার সমন্বিত শৈল্পিক সৌন্দর্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ইন্দ্রজাল ছড়ালেন শিল্পীরা। গতকাল সোমবার আন্তর্জাতিক নৃত্য দিবসে দেশবরেণ্য নৃত্যশিল্পীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী শিল্পীরা—সবাই এক কাতারে এসে মিলেছিলেন। ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের আহ্বানে ১৯৮২ সাল থেকে বিশ্বব্যাপী ২৯ এপ্রিল পালন করা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে। এ উপলক্ষে গত ২৩ এপ্রিল থেকে শিল্পকলা একাডেমির সহযোগিতায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, যার সমাপনী দিন ছিল গতকাল।

নৃত্যশিল্পী সংস্থার আয়োজনটি ছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এর আগে সকালে একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের সামনে মঙ্গল নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এর পর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে অনুষ্ঠিত হয় ‘চর্যাপদে নৃত্যের ছন্দ’ শীর্ষক সেমিনার। একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৃত্যশিল্পী ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরী।

সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল প্রখ্যাত নৃত্যশিল্পীদের মন মাতানো পরিবেশনা। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল আন্তর্জাতিক নৃত্য দিবসের আলোচনা সভাও। এ অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যজন দীপা খন্দকারকে নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু স্মৃতি পদক প্রদান করা হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৃত্যসারথী লায়লা হাসান, নৃত্যজন গোলাম মোস্তফা খান, নিগার চৌধুরী ও বেলায়েত হোসেন খান।

এর আগে সুইড বাংলাদেশের নৃত্যশিল্পীদের পরিবেশনায় শুরু হয় সমাপনী আয়োজন। দলটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সম্মাননা ও আলোচনা পর্ব শেষে ছিল নৃত্য পরিবেশনা। যাতে অংশ নেন নন্দন কলাকেন্দ্র, নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী, ধৃতি নৃত্যালয়, স্পন্দন, মৌলভীবাজারের সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ, রেওয়াজ পারফর্মিং আর্টস, ভাবনা, শিখর কালচারাল সেন্টার, কত্থক নৃত্য সম্প্রদায়, নটরাজ, নৃত্যম, ঝংকার, বেণুকা ললিতকলা একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), নৃত্য সুর, নৃত্যাক্ষ, বহ্নিশিখা, স্বপ্ন বিকাশ কেন্দ্র, নান্দনিক, বৈশাখীর নৃত্যশিল্পীরা।