নারায়ণগঞ্জে গ্যাস সঙ্কট কাটছে না
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৩
নারায়ণগঞ্জে কিছুতেই কাটছে না গ্যাস সঙ্কট । গ্যাসের অভাবে দিনের বেলাতে রান্না করতে পারছেন না গৃহিণীরা। গ্যাসের ওপর নির্ভরশীল কারখানায় উত্পাদন বন্ধ থাকায় দেখা দিয়েছে অচলাবস্থা। এ অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে পড়বে। এদিকে মধ্যরাতে সামান্য গ্যাসের দেখা মিললেও দিনভর গ্যাস না থাকায় অধিকাংশ এলাকায় এখন মাটির চুলায় রান্নাবান্না হচ্ছে। আর এই সংকটের সুযোগে একশ্রেণীর ব্যবসায়ী প্রতিদিনই সিলিন্ডারের দাম বাড়িয়ে চলেছে। অথচ গ্রাহকরা গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী এরই মধ্যে সঙ্কটের প্রতিবাদে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, তিতাস গ্যাস অফিস ঘেরাও, বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, শহরের দেওভোগ, কাশিপুর, বাবুরাইল, পাইকপাড়া, শহীদনগর, নলুয়াপাড়া, ভুঁইয়ারবাগ, চাঁনমারী, ইসদাইর, মাসদাইর, পশ্চিম মাসদাইর, জামতলা, দাতা সড়ক প্রভৃতি এলাকায় গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা দেওভোগ, কাশিপুর, মাসদাইর, বাড়ৈভোগ ও বিসিক শিল্প নগরীর আশপাশ এলাকায়। এসব এলাকায় দিনের বেলায় গ্যাস থাকে না বললেই চলে। শহরের ডনচেম্বার এলাকার গৃহবধূ হাবিবা আক্তার জানান, ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত গ্যাস একেবারে নিভু নিভু অবস্থায় থাকে। দেওভোগ এলাকার দুলারী রহমান জানান, রাত নয়টার পর আস্তে আস্তে গ্যাস বাড়তে থাকে। যতটুকু সময় গ্যাস থাকে তাতেও রান্না করাটা বেশ দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে গ্যাস সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলোতে উত্পাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। শীত মওসুম শুরু হওয়ার সাথে সাথে সংকট প্রকট আকার ধারণ করেছে। স্পিনিং মিলগুলোতে সুতা উত্পাদনে ধস নেমেছে। বন্ধ হয়ে যাচ্ছে টেক্সটাইল মিল, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। অর্ডার কমে যাওয়ায় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম। গ্যাস ও বিদ্যুত্ সংকটের কারণে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলোতে উত্পাদনে ধস নেমেছে। অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফতুল্ল¬¬া শিল্পাঞ্চলেও দীর্ঘদিন ধরে গ্যাস সঙ্কট বিরাজ করছে। ফতুল্ল¬¬ার বিসিক, কাঠেরপুল, সস্তাপুর, লালপুর, পঞ্চবটি, রসুলপুর, নন্দলালপুর, দাপা, পাগলা প্রভৃতি এলাকায় গ্যাস নির্ভর সহস্রাধিক রফতানিমুখি গার্মেন্টস, ডাইং, প্রিন্টিং, স্টিল রি-রোলিং মিল রয়েছে। গ্যাস সংকটের কারণে এসব শিল্পকারখানায় উত্পাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকাতেও চরম গ্যাস সংকট বিরাজ করছে। বিকেএমইএ’র-সভাপতি একেএম সেলিম ওসমান জানান, গ্যাস সংকটের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। উত্পাদন ব্যাহত হওয়ায় মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারায় অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সরকার এখনই দৃষ্টি না দিলে দেশের প্রবৃদ্ধি কমে আসতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।