গাংনীতে সন্ত্রাসী সালামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
গাংনী ( মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৪
মেহেরপুরের গাংনীতে সন্ত্রাসী সালামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ । সন্ত্রাসী সালাম নিহতের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার ভোরে খলিশাকুণ্ডি ব্রিজের পশ্চিম পাশে আকুবপুর চটকাতলা নামক মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেয় । গাংনী থানার ইনচার্জ (তদন্ত) মহিউদ্দীন খান জানান, গাংনী উপজেলার বামন্দী বাজারপাড়ার মহাসিন আলীর ছেলে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি আব্দুস সালামের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।
সন্ত্রাসী সালামের বিরুদ্ধে গাংনী, কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর থানায় হত্যা, চাঁদাবাজি, বোমাবাজি, অপহরণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। সে গাংনীর বামন্দী ইউনিয়ন বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আলিম ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সাইদুর রহমান বেল্টু হত্যার পলাতক আসামি। সম্প্রতি অস্ত্রসহ তার স্ত্রী শিখা খাতুন দৌলতপুর এলাকা থেকে র্যাবের হাতে আটক হয় ।
স্ত্রী শিখার স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে বামন্দী বাসস্ট্যান্ডের অদূরে প্রধান সড়কের পাশে হাজী আব্দুল আলিম ও ৩০ নভেম্বর দিবাগত রাতে বামন্দীর দেবীপুর গ্রামের সাইদুর রহমান বেল্টুকে নিজ বাসভবনে গুলি করে হত্যা করে। সন্ত্রাসী সালামের লাশ দেখতে ঘটনাস্থলে হাজার হাজার নারী-পুরুষ ভিড় করে।