নেত্রকোনা আওয়ামী লীগের সম্মেলন হয়নি সাত বছর

৭ বছর পূর্বে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের জেলা সন্মেলন হলেও এরপর আর সন্মেলন হয়নি। আর জেলা সম্মেলন না করেই এবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কাউন্সিলাররা আজ ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় সন্মেলনে অংশগ্রহণ করছেন। ২০০৫ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সন্মেলন হয়েছিল। তবে নেত্রকোনার পূর্বধলা উপজেলা এবং আটপাড়া উপজেলার সকল ওয়ার্ড এবং ইউনিয়নের সন্মেলন শেষ হয়েছে। নেত্রকোনা জেলা সন্মেলন না হওয়াতে নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও কেন্দ্রের সন্মেলন শেষ হবার পরপরই জেলার সন্মেলন হবে বলে তাদের প্রত্যাশা। বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতির কাজ চলছে ভারপ্রাপ্ত দিয়ে। ২০০৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জোহাকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সভাপতির পদ থেকে অব্যাহতি দেবার পর প্রবীণ নেতা সিনিয়র সহ-সভাপতি মতিয়র রহমান খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, কয়েকবার সন্মেলন করার উদ্যোগ নেয়া হলেও অনেক উপজেলার সন্মেলন শেষ না হওয়াতে জেলা সন্মেলন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কেন্দ্রের সন্মেলন শেষ হবার পরপরই উপজেলাগুলোর সন্মেলন শেষ করে জেলার সন্মেলন করা হবে বলে তিনি জানান। জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপির বক্তব্য হচ্ছে, সারা জেলায় সদস্যদের নবায়ন চলছে। এই কাজ শেষ হলেই জেলা কাউন্সিল হবে।