আবার নাসিরের নার্ভাস নাইনটিজ!
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:১১
নভেম্বর মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পর পর দু’ টেস্টে নার্ভাস নাইনটিজে আউট হয়েছেন। এক মাস পার হতে না হতেই শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগেও আবার আউট হলেন ৯৩ রানে। মানে, টানা তিনটি প্রথম শ্রেণীর ম্যাচে নব্বইয়ের ঘরে আউট!
নাসির আরেকবার হতাশ হলেও তার দল বিসিবি নর্থ জোন অবশ্য দুরন্ত সময় কাটাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৯ রান। নাসির ও নাঈম ইসলামের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে ইনিংস বড় করে নিয়ে যাওয়ার পথে দ্বিতীয় দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যান ফরহাদ রেজা ৬৬ এবং সোহরাওয়ার্দী শুভ খেলছেন ৩২ রানে। নাঈম ইসলাম আউট হয়েছেন ৮২ রানে।
ঘন কুয়াশা ও আলোক স্বল্পতার কারণে কাল বগুড়ায় অবশ্য খুব বেশি সময় খেলা হয়নি। সারাদিনে মাত্র ৪৫.১ ওভার ব্যাট করতে পেরেছে রংপুর। কুয়াশার দাপটে খেলা শুরু হয়েছে দুপুর একটা দশ মিনিটে। আগের দিন যেখানে শেষ করেছিলেন গতকাল ঠিক যেন সেখান থেকেই শুরু করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলাম ও নাসির হোসেন। নাঈম-নাসিরের ৯৬ রানের পার্টনারশীপে ভাঙেন আফতাব আহমেদ। নাঈম সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। এরপরও দারুণ ব্যাটিং করতে থাকা নাসির ৮টি চার এবং ৪টি ছক্কায় ৯৩ রান করে অলক কাপালীর বলে বোল্ড হন। আউট হওয়ার আগে ফরহাদ রেজাকে সাথে নিয়ে গড়েন ইনিংসের সর্বোচ্চ ১০১ রানের জুটি। দিনের বাকিটা সময় অবশ্য আর কোনো বিপদ আসতে দেননি ফরহাদ ও শুভ। ইসলামী ব্যাংক ইস্ট জোনের পক্ষে গতকাল দু’টি উইকেট নিয়েছেন অলক কাপালি ও আফতাব আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর :বিসিবি নর্থ জোন ১ম ইনিংস: ৪৯৯/৬ (জহুরুল ৭৯, ফরহাদ হোসেন ৬০, মুশফিকুর ৪৮, নাঈম ইসলাম ৮২, নাসির হোসেন ৯৩, ফরহাদ রেজা ব্যাটিং ৬৬; তাপস বৈশ্য ৪০/৩।