সিলেটে বেড়েছে পাসের
হার, জিপিএ-৫ প্রাপ্তি
প্রায় দ্বিগুণ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:২৬
জেএসসি পরীক্ষায় এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এবারে পাস করেছে ৯০ দশমিক ৪৫ ভাগ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৪ ভাগ। সিলেট বোর্ডের অধীনে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে মোট ৯০ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৯৪৯ জন। এর মধ্যে ছেলে ৩৬ হাজার ৪৬৭ জন এবং মেয়ে ৪৫ হাজার ৪৮২ জন।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে সিলেটের চার জেলায় পাসের হার বেড়েছে। এবার সিলেটে পাসের হার ৯১.৯০, সুনামগঞ্জে ৯০.১৪, হবিগঞ্জে ৮৯.৬১ এবং মৌলভীবাজারে ৮৯.৯২। জেএসসি সিলেট বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১৩৬৪ জন যেখানে গতবার পেয়েছিলো ৭৪৮ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ৬৯৮ জন ছেলে এবং ৬৬৬ জন মেয়ে শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৬২টি স্কুলের মধ্যে ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক ১২২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ১৫৯টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সার্বিক ফলে এগিয়ে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ।
সেরা বিশ: বোর্ডে প্রথম হয়েছে, সিলেট ক্যাডেট কলেজ, দ্বিতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, তৃতীয় অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, চতুর্থ ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ, পঞ্চম সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ৬ষ্ঠ সরকারি হাই স্কুল হবিগঞ্জ, ৭ম স্কলার্স হোম, ৮ম বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ৯ম বিকেজিসি সরকারি হাই স্কুল, ১০ম সরকারি জুবিলী হাই স্কুল, ১১ তম বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ১২তম গোবিন্দপুর সরকারি হাই স্কুল, ১৩তম মৌলভীবাজার সরকারি হাই স্কুল, ১৪তম হযরত শাহপরাণ হাই স্কুল, ১৫তম শাহজালাল জামেয়া ইসলামী হাই স্কুল, মিরাবাজার, ১৬তম আল আমিন জামেয়া ইসলামিয়া হাই স্কুল, ১৭তম আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮তম এইডেড হাই স্কুল, ১৯তম দ্যা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল এবং ২০তম হয়েছে জুরি হাইস্কুল। এ তালিকা অনুযায়ী সেরা ২০ এ সিলেট শহর ও শহরতলীর ১১ টি স্কুল স্থান লাভ করেছে।