সাত বছর পর বাবরের বিরুদ্ধে ‘ডাকাতি মামলা’

ঘটনার প্রায় ৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সে সময়ের আইজিপি ও ৪ পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে ডাকাতি এবং সহায়তা প্রদানের বিষয়ে মামলা হয়েছে গত বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল হাসেমের আদালতে। মামলা দায়ের করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মৃত সুরুজ আলী শাহ’র ছেলে মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম শাহ। মামলার শুনানি শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এসএমপির মোগলাবাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। মামলায় অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে হাবিবুল ইসলাম শাহ ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসার পথে দক্ষিণ সুরমার ধরমপুর গ্রামের কাছে দিন-দুপুরে ৬ ডাকাত একটি মাইক্রোবাস দিয়ে তার ‘ট্যাক্সির’ গতিরোধ করে ডাকাতি করে। থানা পুলিশ মামলাটি রেকর্ড না করায় তিনি একই বছর ২৪ মার্চ অভিযোগ জানিয়ে তত্কালীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বরাবরে একটি দরখাস্ত রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেন। দরখাস্তের অনুলিপি তিনি সংশ্লিষ্টদের প্রেরণ করেছিলেন। এরপর ৭ বছর অপেক্ষা করেও এর প্রতিকার না পেয়ে তিনি অজ্ঞাতনামা ৬ ডাকাতকে ১ থেকে ৬নং আসামি করে ও ৭ থেকে ১১ নম্বর আসামি হিসেবে তত্কালীন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিলেটের পুলিশ সুপার, সিলেটের ডিআইজি ও আইজিপির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন।