‘আমরা মহাজোটের লোক, পনের মিনিটে দোকান খালি কর’

নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেট এলাকায় সোহরাওয়ার্দী সড়কে একটি জমির ওপর নির্মিত ১৫-২০টি দোকান মাত্র ১৫ মিনিটের নোটিসে উচ্ছেদের ঘোষণা দিয়ে কয়েকটি দোকান ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মহাজোটের নামধারী কিছু সন্ত্রাসী এ তাণ্ডবে অংশ নেয়। ঘটনাস্থল থেকে সদর মডেল থানা শত গজ দূরে হলেও পুলিশ ঘটনাস্থলে আসে অনেক দেরি করে। জানা গেছে, কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিমদিকে ১ নং রেলগেটের দক্ষিণদিকে বাংলাদেশ জুট করপোরেশনের ৫৭ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৫৩ শতাংশ জমি জনৈক আবদুল কাদের মিয়া সম্প্রতি ক্রয় করেন। অপর ৪ শতাংশ জমির ওপর দোকান নির্মাণ করা হয়। এখানে ২০টি পোশাকের দোকান রয়েছে। এ ৪ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকার দলীয় এমপি সারাহ বেগম কবরীর সাবেক স্বামী বাবু সারোয়ারের সঙ্গে দোকান মালিকদের বিরোধ চলে আসছিল। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এর মধ্যে গত ২০ ডিসেম্বর দোকান মালিক সমিতির নেতা আবু সালেহ শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে জুট করপোরেশন এর বরাবর প্রায় ৯৪ হাজার টাকা পে-অর্ডার করেন ১ বছরের লিজের জন্য। দোকান মালিকদের অভিযোগ, শুক্রবার দুপুর ১২টার দিকে ২০-২৫ জন ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে দোকানপাট খালি করতে বলে। তারা নিজেদের মহাজোটের লোক পরিচয় দেয়। পরে তারা ২০ মিনিট পর ২টি দোকান ভাংচুর করে চলে যায়। হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দোকান মালিকরা। দোকান মালিকদের অভিযোগ, ঘটনাস্থল থেকে সদর মডেল থানা পুলিশ কয়েক গজ দূরে থাকলেও পুলিশ সময়মত আসেনি। তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এস আই শহীদুল ইসলাম জানান, ভাংচুর হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।