চলচ্চিত্রে বাঁক ফেরানোর প্রত্যয়
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:৪০
এক ঝাঁক তরুণ পরিচালকের প্রচেষ্টায় খুব শিগগিরই বাংলা চলচ্চিত্রের গোটা আবহ বদল হতে যাচ্ছে। চলতি সপ্তাহে তরুণ নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্রের আশানুরূপ সাফল্যে এখন অন্যান্য চিত্র পরিচালকরা সামনে আশার আলো দেখছেন। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আরেক তরুণ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ছায়া-ছবি’। এই ছবিটির সাফল্যের ওপর তরুণ নির্মাতাদের এই চলচ্চিত্র স্রোত অনেকখানি নির্ভর করছে। এছাড়া ২০১৩ সালে এক ঝাঁক তরুণ নির্মাতার ছবি আসছে। যার কিছুটা মূল ধারার চলচ্চিত্র এবং অধিকাংশই ডিজিটাল ধারায় নির্মিত। দর্শক ফেরানোর মূল মন্ত্রে এসকল চলচ্চিত্র প্রায় প্রত্যেকেই এক একটি স্যাটেলাইট চ্যানেলের সাথে সহ-প্রযোজক হিসেবে কাজ করছে। মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি আশাবাদী যে, নতুন বছরে চলচ্চিত্র আবার আগের জোয়ারে সামিল হতে পারবে। তাই সেদিন খুব বেশি দিনের নয় যেদিন গোটা শো-বিজের সবচেয়ে আলোচিত মাধ্যম থাকবে আমাদের চলচ্চিত্র। কেননা আসছে বছরে প্রায় ২ শতাধিক নতুন ছবি মুক্তির পরিকল্পনা আছে এবং প্রায় অধশতাধিক নতুন চলচ্চিত্র নির্মাতা কাজে হাত দিয়েছেন।