জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সাংবাদিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় পেশার স্বার্থে, গণতন্ত্র চর্চা ও প্রকাশের প্রয়োজনে এবং সাংবাদিকতার মানোন্নয়নের স্বার্থেই এ ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করা হয়। সভায় বলা হয়, জনজীবন ভীতিতাড়িত, সমাজ অনিশ্চয়তায়, রাষ্ট্র এক সঙ্কটপূর্ণ দোলাচলে। সভায় গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের নতুন সদস্যপদ দেয়ার জন্য একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় মরহুম কেজি মোস্তফা, মরহুম ফজলে রশীদ ও মরহুম মোজাম্মেল হককে মরণোত্তর আজীবন সদস্য পদের মর্যাদা প্রদান করা হয়। এছাড়া সাংবাদিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সাংবাদিক মরহুম এসএম আলীর ছবি প্রেসক্লাবে টানানোর প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান পত্রিকা অফিসে অবরুদ্ধ থাকা অবস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভার শুরুতেই গত এক বছরে ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সৈয়দ আবদাল আহমদ ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন বদিউল আলম। সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয়। সভায় রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, ডিপি বড়ুয়া, এমএ আজিজ, আলহাজ্ব জহিরুল হক, আব্দুস শহিদ, ওমর ফারুক, মুহাম্মদ বাকের হোসাইন, আবদুল হাই শিকদার, কামরুল ইসলাম চৌধুরী, আজিজুল ইসলাম ভুঁইয়া, মাহফুজুল হক খান, আবদুর রহমান খান, শেখ রকিব উদ্দিন, আবদুল আউয়াল ঠাকুর, কাজিম রেজা, মীর লুত্ফুল কবীর সা’দী, খায়রুল বাশার, এনায়েত হোসেন, নজরুল ইসলাম, খায়রুজ্জামান কামাল প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি