৩০ ডিসেম্বর সিপিবির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জনগণের পকেট কেটে আর্থিক কেলেঙ্কারী ও লুটপাট চালানোর পর আবার তার বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দেয়ার জন্য জ্বালানি তেল ও বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর চেষ্টা করছে। সরকার কিছুদিন আগে বিদ্যুতের রেট বৃদ্ধি করার সময় স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সরকারের শাসনামলে বিদ্যুতের দাম আর বাড়ানো হবে না। এখন যদি সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে জনগণ সরকারকে মোনাফেকির জন্য ক্ষমা করবে না। গতকাল শুক্রবার সিপিবি ও বাসদ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের শুভ্রাংশু চক্রবর্তী, রাজেকুজ্জামান রতন, জুলফিকার আলী প্রমুখ। পরিচালনা করেন সিপিবি’র কাজী সাজ্জাদ জহির চন্দন। সমাবেশশেষে সিপিবি বাসদের যৌথ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।