গণতান্ত্রিক বাজেট আন্দোলন সম্মেলন
করের টাকা কিভাবে ব্যবহূত হচ্ছে তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:২৮
গণতান্ত্রিক বাজেট আন্দোলনের তৃতীয় সম্মেলন অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জনগণের করের টাকা কিভাবে ব্যবহূত হচ্ছে তা জানার অধিকার করদাতা সাধারণ মানুষের রয়েছে। করের টাকার বিপরীতে তাকে কী ধরনের সেবা দেয়া হচ্ছে তা জনগণের কাছে তুলে ধরা উচিত। তিনি বলেন, বাজেটের ক্ষেত্রে আমাদের দেশের গণতান্ত্রিক সরকারগুলোর আচরণ সামরিক সরকারগুলোর মতো। সবাই তথ্য লুকিয়ে রাখতে চায়। বাজেটে যদি এমন উন্নয়ন বরাদ্দ থাকে, যাতে উন্নয়নের বদলে পরিবেশ ধ্বংস হয় বা দেশি প্রতিষ্ঠান বন্ধ হয়, তবে তা প্রতিরোধ করতে হবে। ২২টি জেলা কমিটির অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এই অনুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে। কক্সবাজার সাগরপাড়ের হোটেল কক্সটুডেতে অনুষ্ঠিত সম্মেলনে গণতান্ত্রিক বাজেট প্রণয়নের বিষয়ে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য হাসিনুল ইসলাম চুন প্রমুখ।
বক্তারা বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে অর্থনীতিবিদের সমন্বয়ে প্যানেল তৈরি করা হয়। তবে তাদের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা প্রণীত হয় না। প্রণয়ন করা হয় বিশ্বব্যাংক এবং আইএমএফ-এর পরামর্শে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্যবান্ধব কর্মসূচির নামে দারিদ্র্যকে পাশ কাটানোর কৌশল হাতে নেয়া হয়েছে।