সাপ্তাহিক পুঁজিবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাধারণ সূচক কিছুটা বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসই’র সাধারণ সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। আর লেনদেন কমেছে ৮ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে ডিএসই’র ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম। লেনদেন হয়নি ৮টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছিল ২০২টির, কমেছিলো ৬৭টির ও অপরিবর্তিত ছিল ১০টির দাম। লেনদেন হয়নি ৭টি প্রতিষ্ঠানের। প্রসঙ্গত, গত মঙ্গলবার বড়দিন উপলক্ষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকায় পাঁচদিনের পরিবর্তে এ সপ্তায় চারদিন লেনদেন হয়। তথ্যে দেখা গেছে, আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র সাধারণ সূচক ছিল ৪ হাজার ১৭৪ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২০৫ পয়েন্টে। অর্থাত্ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৩০ পয়েন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ। এদিকে গত সপ্তাহে ডিএসই’র সাধারণ সূচক বাড়লেও কমেছে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৮১৯ কোটি ২৮ লাখ ৮৮৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯২ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৮১২। অর্থাত্ গত সপ্তাহে লেনদেন কমেছে ৮ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহে ৪ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক লেনদেনের গড় দাঁড়ায় ২০৪ কোটি ৮২ লাখ ২২২ টাকা। যেখানে এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ২২৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৯৫৩ টাকা। সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- ফাস ফিন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মি. ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, সমরিতা, বিডি ফিন্যান্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, ইবিএল এনআরবি মি. ফান্ড এবং গ্লাসগোস্মিথ ক্লাইন। অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসই’র প্রধান কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন লুব্রিকেন্ট, সোনালী আঁঁশ, ইমাম বাটন, দুলামিয়া কটন, সায়হাম কটন মিল, সায়হাম টেক্সটাইল, রিলায়েন্স ওয়ান এবং রেনউইক যজ্ঞেশ্বর।