স্টাফ রিপোর্টার, রাজশাহী
জনদুর্ভোগ দূর করতে ফুটপাত ও রাস্তাপাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদের ১০ দিনের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের দুইটি এবং বিএনপির একটি অফিসসহ শতাধিক স্থাপনা ভাঙা পড়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। রবিবার বেলা ১১টায় বিসিক ম্যাচ ফ্যাক্টরির মোড় থেকে ১০ দিনের অভিযান শুরু হয়। এরপর পুরো বিসিকি এলাকা হয়ে মথুরগাঙ্গা ঘুরে পুনরায় ম্যাচ ফ্যাক্টরির মোড়ে এসে অভিযান সমাপ্ত হয়। অভিযানে স্থানীয় আওয়ামী লীগের দুইটি এবং বিএনপির একটি কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে। অভিযান চলাকালে ৫৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। ৫৭ জন ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করে তারা সবাই ছাড়া পেয়েছেন।