পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রামে পালিত মেয়েকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রবিবার রাতে বাবা ইয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াকুব আলী দুই মেয়েসহ বিধবা মিনু বেগমকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। পরে এক মেয়েকে বিয়ে দেয়। ২০১৮ সালের ২০ এপ্রিল রাতে ছোট মেয়ে কীটনাশক পান করলে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত প্রতিবেদনে মর্গের চিকিত্সক ধর্ষণের আলামত পেয়ে সিআইডিকে জানায়। প্রতিবেদন পর্যালোচনা করে সিআইডি পুলিশ পাটগ্রাম থানা পুলিশকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়ে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করতে বলে। রবিবার রাতে মেয়েটির মা অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন।
পাটগ্রাম থানার ওসি মনছুর আলী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং মেয়ের মায়ের করা মামলায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেয়ার সন্দেহে ইয়াকুব আলীকে গ্রেফতার দেখিয়ে সোমবার লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।