পাগলা-পঞ্চবটি-নারায়ণগঞ্জ রুটে অটোগাড়ি চলাচল
প্রসঙ্গে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:২১
পরিবেশবান্ধব, খোলামেলা ও গ্লাস ফিটিং ব্যাটারি চালিত অটোগাড়িতে ভ্রমণের আনন্দ অপরিসীম। পাগলা-পঞ্চবটি-নারায়ণগঞ্জ রুটে বিপুলসংখ্যক অটোগাড়ি চলাচল করে। চাষাঢ়া হচ্ছে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার মূল কেন্দ্র। ঢাকা ও চট্টগ্রাম যাওয়ার রাস্তাগুলোও এখানে মিলিত হয়েছে। স্বাভাবিকভাবেই বিপুলসংখ্যক জনসাধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জায়গায় গমনাগমন করে থাকেন। অথচ রাত নয়টা-দশটা পর্যন্ত অটোগাড়িগুলোকে যানজটের দোহাই দিয়ে চাষাঢ়া পর্যন্ত যেতে দেয়া হয় না। ফলে অক্টো অফিস পর্যন্ত গিয়ে এ গাড়িগুলো ঘুরে চলে আসে। ফলে জনসাধারণকে বাধ্য হয়ে আর কিছু দূরত্বের জন্য সেখানে নেমে অন্য গাড়িতে ওঠার অপেক্ষায় চরম দুর্ভোগে পড়তে হয়। চাষাড়া থেকেও আসার সময় অটোর জন্য জনগণকে অক্টো অফিস পর্যন্ত আসতে হয়। মূল সড়কের পাশে (মোবাইল অপারেটর অফিস রবি ও ঈদগাহ ঘেঁষে) আরেকটি রোড আছে। যানজটের দোহাই যদি দেয়াই হয়, তাহলে অটোগাড়ি মূল সড়ক দিয়ে অক্টো অফিস পর্যন্ত গিয়ে তারপর এ রোডে ঢুকে এ রোডের মাথা চাষাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত অনায়াসে যেতে ও আসতে পারে। অটো চালকরা আমাদেরই ভাই। অটো চালিয়ে তারা আত্মকর্মসংস্থানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনকল্যাণের জন্যই সরকার। তাই বিপুলসংখ্যক যাত্রীর দুর্ভোগ লাঘবে মূল সড়কের পাশের সড়কটির মাথা পর্যন্ত অর্থাত্ চাষাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন অটো চলাচলের অনুমতি প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমির, সিয়াচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।