ডোমারে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ স্মারকলিপি ও প্রতিবাদ সভা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা জেলা প্রশাসক অফিস সহায়ক পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন না করার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় মুক্তিযোদ্ধা, তাদের স্ত্রী ও সন্তানদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কর্মসূচিগুলোর আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরননবী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বক্তব্য রাখেন। বক্তরা বলেন, গত ১৪ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে ১৭ জন নিয়োগ করা হয়। নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ সংরক্ষণ করার নিয়ম থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।
জামালপুরের প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবুর স্মরণসভা
জামালপুর প্রতিনিধি প্রয়াত কবি ও সাংবাদিক শফিক জামান লেবুর স্মরণসভা গত রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রয়াত কবি ও সাংবাদিক শফিক জামান লেবু গত ১২ এপ্রিল মারা যান। নাগরিক পরিষদ জামালপুরের আয়োজনে ‘শফিক জামান লেবু স্মরণসভার আহবায়ক জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও জামালপুর-২ আসনের এমপি অলহাজ ফরিদুল হক খান দুলাল। বক্তারা সদ্য প্রয়াত কবি ও সাংবাদিক শফিক জামান লেবুর কর্মময় জীবনী তোলে ধরে আলোকপাত করেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির ছেলের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি গতকাল রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা সুমন, বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত রাব্বী লিটন, সদস্য সচিব মোর্শেদুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও
মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও মেধা অন্বেষণ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ গতকাল সোমবার কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, উপজেলা জাইকার প্রতিনিধি মো. রিয়াজুর রহমান মিয়া, শিক্ষার্থী আশিকুর রহমান ও তামান্না।
ঘোড়াঘাটে কৃষি প্রযুক্তি ও বীজ প্রদর্শনী মেলার উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা “কৃষিতেই উন্নতি কৃষিতেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া দীপশিখা কার্যালয় মাঠে দীপশিখার গতি প্রকল্পের আয়োজনে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও বীজ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, প্রদর্শনী মেলায় ১৬টি কৃষক সংগঠন ও একটি নারী সংগঠনের ষ্টল স্থান পেয়েছে।
ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সভা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা উঠান বৈঠক, মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি মেলা সোমবার শেষ হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শিরিনা দৌলত, ডা. নিউটন মন্ডল, শিশির সুষ্মিতা, স্যানেটারি ইন্সপেক্টর সুকেন কুমার ঘোষ, ইপিআই টেকনিশিয়ান সরদার নুরুল ইসলাম, দলিত প্রতিনিধি প্রতিভা সরকার প্রমুখ।
মহেশপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সোমবার সকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প.প. কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা বজলুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভপতি ও মানবাধিকার সংগঠন আরডিসি নির্বাহী প্রধান আব্দুর রহমান, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার জিয়াউল হক ও আলামিন।
রাণীশংকৈলে এসডিজি বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী। এ ছাড়া এতে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক নেতা, শিক্ষক ও সাংবাদিক নিয়ে আশি জন ব্যক্তি অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ পাঠ করেন-ইউএনও মৌসুমী আফরিদা। প্রশিক্ষক ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার। উপস্থাপনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। কর্মশালায় দারিদ্র ও ক্ষুধা অবসান, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, শিক্ষা নিশ্চিতকরণ, জেন্ডার সমতা অর্জন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, জ্বালানি সংরক্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সমুদ্র সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ গ্রহণ করা হয়।