শীতে কাঁপছে ভোলার পথশিশুরা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
৮ থেকে ১৪ বছরের এসব শিশু-কিশোর রাস্তায় পড়ে থাকে অনাদরে-অবহেলায়। যাদের পরনে অসংখ্য জোড়াতালি দেয়া ময়লা ছেঁড়া পোশাক। শীত এলে শুরু হয় ওদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। শীত নিবারণের জন্য কোন মোটা কাপড় তারা যখন যোগাতে না পারে তখন সবাই মিলে কুণ্ডলি পাকিয়ে বসে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে একটু গরম হওয়ার নিরন্তর চেষ্টা করে। শীতের এই সময়টা ওদের কাছে অনেক কষ্টের। বোরহানউদ্দিন উপজেলার আনাচে- কানাচে প্রায় সর্বত্র টোকাইদের দেখা যায়। তারা হাতে একটি চটের বস্তা নিয়ে কখনো কুড়ায় বোতল, কাগজ, লোহা অথবা অন্য কিছু। এ ব্যাপারে উপজেলার কুঞ্জেরহাট বাজারে টোকাই নাগরের সাথে আলাপকালে সে বলে, মসজিদের লাইগা রাস্তায় কুড়াইয়া টাকা উডাই। হেখান থাইকা দু’-এক টাকা পাই, তাই দিয়া কিছু কিন্না খাই। শীতের মোডা কাপড় কিনার পয়সা পামু কই।