শীতার্তদের সাহায্যে যারা এগিয়ে এসেছেন

প্রচণ্ড শীতে কাঁপছে মানুষ। বেশি কষ্ট পাচ্ছে দরিদ্র-দুঃস্থরা। তাদের সাহায্যে সরকারি-বেসরকারিভাবে সাহায্য- সহযোগিতা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর \ জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, চলতি শীত মৌসুমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজার ২শ’ কম্বল পাওয়ার পর পর্যায়ক্রমে ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শীতার্থ জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে, যা অতি অপ্রতুল। জেলা প্রশাসক আরও ৩০ হাজার কম্বলের চাহিদাপত্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা প্রেরণ করেছেন। বোচাগঞ্জ (দিনাজপুর) \ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দরিদ্র শীতার্থ মানুষের মাঝে সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুঃস্থদের ১২২০টি, মুক্তিযোদ্ধাদের ৯৫টি, সেতাবগঞ্জ পৌরসভায় ৪৫টি কম্বল বরাদ্দ পেয়েছে এবং ইতিমধ্যে তা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় বিতরণ করা হয়েছে। এদিকে ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখার উদ্যোগে ৬শ কম্বল ও চাদর বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র বিতরণকালে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফরহাদ হাসান চৌধুরী ইগলু, বোচাগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) আব্দুল¬্লাহ্ আল খায়রুম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্ল¬াহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও \ দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের উদ্যোগে শনিবার ৩০ জন মুক্তিযোদ্ধা, ১০০ জন এতিমসহ দুঃস্থ ও শীতার্থ মানুষের মাঝে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও শাখার কো-অপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপক রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। চৌহালী (সিরাজগঞ্জ) \ সিরাজগঞ্জের এনায়েতপুরের দরিদ্র চরাঞ্চলবাসীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনভর পৃথক পৃথকভাবে ১২শ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো বেতিল চরে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া ৫শ পরিবারের মাঝে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সহযোগিতায় এবং এ্যানিম্যাল হেল্থ কোম্পানিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশের ইন্টারনেট রেডিও “রেডিও সার্কেল”-এর উদ্যোগে এনায়েতপুরের শীতার্থদের মাঝে ৭শ কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় ওরিয়েন্টাল গ্রুপের পরিচালক রাকিবুল করিম খান, হেড অব প্রোগ্রাম যাযাবর রাসেল, গ্রুপের কর্মকর্তা নান্নু মির্জা, রফিক মির্জা উপস্থিত ছিলেন। ঈশ্বরদী (পাবনা) \ গতকাল শনিবার সকালে শহরের ডাকবাংলো মাঠে ১০০ জন দুঃস্থ শীতার্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার কুণ্ডু, উপদেষ্টা মাহাবুবুল হক দুদু , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাই, প্রভাষক ইসমাইল হোসেন প্রমুখ। নাজিরপুর (পিরোজপুর) \ পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল শনিবার নাজিরপুরে শীতার্থদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। উপজেলার রামনগর গুচ্ছগ্রামের ৩৭টি পরিবারের মাঝে ৩৭টি কম্বল, পাকমঞ্জিল মাদ্রাসার এতিমখানায় ১৫ জন এতিম শিক্ষার্থীকে কম্বল এবং সাতকাছিমা মাদ্রাসার এতিমদের মাঝে ৩০টি চাদর বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনোয়ার হোসেন। মৌলভীবাজার \ মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে । জেলা প্রশাসক মো. কামরুল হাসান দরিদ্র শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন । চাঁপাইনবাবগঞ্জ\ গতকাল শনিবার শহরের ৭শজনের মাঝে এবং গত কয়েকদিনে শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের আরো ৮শজনের মাঝে ১টি করে কম্বল বিতরণ করে। সকালে স্থানীয় নবাবগঞ্জ ক্লাব চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। সমিতির সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল ইসলাম, এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।