পানছড়িতে ২০ বৌদ্ধ ভিক্ষুর স্থবির বরণ

পানছড়ি উপজেলায় তারাবন অরণ্য কুঠিরে ২ দিনব্যাপি (২৮-২৯ ডিসেম্বর) বিভিন্ন বনবিহারে অবস্থানরত ২০ জন বৌদ্ধ ভিক্ষুর স্থবির বরণ (ভিক্ষু জীবন ১০ বছর হলে ঐ ভিক্ষুকে স্থবির ভিক্ষু বলা হয়) ও শ্রদ্ধাভিনন্দন দেয়া হয়েছে। রাঙামাটি রাজবন বিহারে মহাপরিনির্বাপিত সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ২০০২ সালে এ বৌদ্ধ ভিক্ষুদের উপ-সম্পদা করান (শ্রমণ থেকে ভিক্ষু হওয়াকে উপ-সম্পদা বলা হয়)। এ লক্ষ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কুঠির দান, ৮৪ হাজার প্রদীপ দান ও উত্সর্গ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান, পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুভ্রা দেওয়ান। স্থবির বরণ করা বৌদ্ধ ভিক্ষুরা হলেন: পানছড়ি তারাবন অরণ্য কুঠিরের অধ্যক্ষ আদিকল্যাণ স্থবির, খাগড়াছড়ি ধর্মপুর আর্ষবন বিহারের সংকিচ্চ স্থবির ও উপতিষ্য স্থবির, রাঙামাটি মৈত্রীবন বিহারের অধ্যক্ষ জ্ঞান রক্ষিত স্থবির, পানছড়ি শীলা চরণ বন বিহারের সত্যজগত্ স্থবির, রাঙামাটি কুটুকছড়ি জীব কল্যাণ বন বিহারের অধ্যক্ষ জয় লংকার স্থবির, রাঙামাটি রাজবন ভাবনা কেন্দ্রের করুণা বংশ স্থবির, রাঙামাটি বাঘাইছড়ি দেখাইয়া বন বিহারের অধ্যক্ষ করুনাপ্রিয় স্থবির, খাগড়াছড়ির শান্তিপুর ভাবনা কুঠিরের অধ্যক্ষ সম্বোধি স্থবির, মেদেনিপুর বনবিহারের অধ্যক্ষ শান্তি জ্যোতি স্থবির, রাঙামাটি ঘুগুড়াছড়ি বন বিহারের উপসেন স্থবির, ঢাকা সাভার বনবিহারের জ্ঞানদীপ্ত স্থবির, রাঙামাটি জুরাছগি বন বিহারের সত্য রক্ষিত স্থবির, রাঙামাটি লংগদুর তপোবন ভাবনা কুঠিরের সারিপুত্র স্থবির ও করুনাশ্রী স্থবির, রাঙামাটি জুরাছড়ি শীলছড়ি বৌদ্ধ বিহারের জ্ঞানদীপ স্থবির, নানিয়াচর ক্ষান্তিপুর ভাবনা কুঠিরের অধ্যক্ষ সুধর্মা লংকার স্থবির, বান্দরবান করুনাপুর বনবিহারের মহিন্দ স্থবির, নানিয়াচর ব্রহ্মপুর বনবিহারের অধ্যক্ষ ব্রহ্মপুর বনবিহারের অধ্যক্ষ ধর্মপুর স্থবির, খাগড়াছড়ি দীঘিনালা বন বিহারের চির সুখ স্থবির। রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের অমৃতময় স্বধর্ম দেশনা (বক্তব্য) দেন রাঙামাটির নানিয়াচর উপজেলার রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির।