পাবলিক লাইব্রেরিতে বই উত্সব
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জয়নুল উত্সব এবং বার্ষিক জয়নুল মেলা আজ রবিবার শেষ হবে। উত্সবের দ্বিতীয় দিনে শনিবার চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের খ্যাতিমান মৃিশল্পী অধ্যাপক কোইচি তাকিতা ও শিল্পী মীর মোস্তফা আলীকে ‘জয়নুল সম্মাননা’ প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিল্পীদের হাতে জয়নুল সম্মাননা পদক তুলে দেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিন এদেশে শিল্পচর্চা ও শিল্পবোধের ভিত রচনা করেছিলেন। তিনি এমন এক সময় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, যে সময় বাংলাদেশে চিত্রকলা বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না।
অ্যার্ডনের নববর্ষ বই উত্সব: সৃজনশীল বইয়ের প্রতি পাঠকের আগ্রহকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে অ্যার্ডন পাবলিকেশন আয়োজিত নববর্ষ বই উত্সব। বিকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে এর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। তার সাথে আরো উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থাটির প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন এবং সংস্থাটি থেকে বের হওয়া গ্রন্থের লেখকবৃন্দ। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
শিশু-কিশোর নাট্যোত্সব সমাপ্ত: ‘এসো মিলি বিজয়ের গৌরবে/শিশু নাটকের সৌরভে’— এ শ্লোগানে শুক্রবার থেকে শুরু হয় দুই দিনের নাট্যোত্সব। ২৯ বছরে পর্দাপণ উপলক্ষে এর আয়োজন করে কিশোর থিয়েটার। শনিবার ছিল এর শেষদিন। এদিন চারটি শিশুতোষ নাটক প্রদর্শিত হয়। নাটকগুলো হলো— লিয়াকত আলী লাকীর রচনা ও নির্দেশনায় পিপলস লিটল থিয়েটারের ‘মুজিব মানে মুক্তি’, হানিফ খানের রচনা ও নিদের্শনায় কিশোর থিয়েটারের ‘পরীক্ষার পূর্বরাত্রি’, এস এম মিজানুর রহমান বাবুর রচনা ও খোকন হাসান চানের নির্দেশনায় সন্ধান লিটল থিয়েটারের ‘হনন’ এবং স্বপন আহমেদের রচনা ও হানিফ খানের নির্দেশনায় মৈত্রী চিলড্রেন থিয়েটার ট্রুপের ‘সুন্দর রাজ্য’।
চলচ্চিত্র সংসদ আন্দোলনের বছরব্যাপী কর্মসূচি: আসছে বছর পথচলার ৫০ বছর পূর্তি হচ্ছে চলচ্চিত্র সংসদ আন্দোলনের। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চলচ্চিত্র সংসদ আন্দোলন। আগামী ৪ জানুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কার্যক্রম। ঐদিন সন্ধ্যায় বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীকী দেবী। শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী জাতীয় উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ খসরু, সদস্য সচিব মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সংসদ আন্দোলনের সদস্য সিরাজুল ইসলাম ও কাজী জাহিদুল ইসলাম।
এতে জানানো হয়, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, গোলটেবিল আলোচনা, শোভাযাত্রা, আর্টক্যাম্প, বিদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতার স্মারক বক্তৃতা, নির্বাচিত চলচ্চিত্র সংসদ কর্মীদের স্মারক সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। শিল্পকলা একাডেমী, টিএসসি, এফডিসি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বছরব্যাপী এই কার্যক্রম। এর পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ।
কাজলের দিনরাত্রির সূচনা প্রদর্শনী: জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাসের ছায়ায় নির্মিত চলচ্চিত্র ‘কাজলের দিনরাত্রি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই কিশোর চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সজল খালেদ। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ছবিটির সূচনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল মনসুর, ইরেশ যাকের, শামীম শাহেদ, ঝুনা চৌধুরীসহ একঝাঁক দক্ষ শিশুশিল্পী। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। কবীর বকুলের লেখা গানে সঙ্গীত পরিচালনা করেছেন লাকী আখন্দ।
সৃজনের সঙ্গীত সন্ধ্যা: সাংস্কৃতিক সংগঠন গতকাল শনিবার আয়োজন করেছিল ফেলে আসা দিনের বাংলা গানের অনুষ্ঠান। শিল্পীরা জনপ্রিয় বাংলা গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন।
কবি সংসদের বিজয়ের কবিতা উত্সব: বিজয়ের কবিতা উত্সব উদযাপন করলো কবি সংসদ বাংলাদেশ। গত শুক্রবার বিকালে পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন কবিরা কবিতা পাঠ করেন।