নিউমোনিয়ার টিকা: পঞ্চাশোর্ধ্বদের জন্যও দেয়া উচিত

নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ রোধে অনূর্ধ্ব ৫ বছরের শিশুদের টিকা দিতে হয়। কিন্তু অতি সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন যাদের বয়স ৫০ পার হয়েছে তারাও ফুসফুসের সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এবং পঞ্চাশোর্ধ্বদের জন্যও নিউমোনিয়ার ভ্যাকসিন দেয়া উচিত। বিশেষ করে ৬৫ বছর বয়সের পর থেকে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে, পঞ্চাশোর্ধ্ব মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে এবং এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে। আর বিশেষজ্ঞগণ বয়স্কদের নিউমোনিয়ায় আক্রান্তের হার বৃদ্ধির জন্য হূদরোগ, ফুসফুসের সমস্যা, এ্যাজমা, কিডনি ও লিভার রোগ, ক্যান্সার, ডায়াবেটিস এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টরের মধ্যে ধূমপান, মদ্যপান এবং দীর্ঘদিন ধরে আবদ্ধ ঘরে বসবাসকে দায়ী করেছেন। মালয়েশিয়ার ইনস্টিটিউট অব রেসপাইরেটরী মেডিসিনের পরিচালক ড. আব্দুল রাজ্জাক মুত্তালিফের অভিমত: শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই ফুসফুসে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই শিশুদের মতো পঞ্চাশোর্ধ্ব মানুষেরও নিউমোনিয়ার ভ্যাকসিন দেয়া উচিত। এই বিশেষজ্ঞের মতে নিউমোনিয়ার ভ্যাকসিন দেয়া থাকলে ফুসফুসের সংক্রমণের তীব্রতা কম হয় এবং ঝুঁকি কম থাকে।