বাম মোর্চার জ্বালানি
মন্ত্রণালয় ঘেরাও
কর্মসূচি আজ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
গণতান্ত্রিক বাম মোর্চা গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তত্পরতার প্রতিবাদে আজ রবিবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে। এছাড়া ঘেরাও কর্মসূচির মধ্যে সমাবেশ ও মিছিল রয়েছে। মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করার কথা বাম মোর্চা জানিয়েছে। শনিবার বাম মোর্চা জানায়, আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাম মোর্চার নেতৃবৃন্দ গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার ব্যাপারে সরকারের তত্পরতা বন্ধসহ কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখবেন। এরপর মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তাদের দাবি আগামীকাল সোমবারের মধ্যে মূল্য বৃদ্ধি করার ব্যাপারে সরকার যেসব আলোচনা অব্যাহত রেখেছে তা বন্ধ করতে হবে। আর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।