তালায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪২
মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করায় সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ বিশ্বাসকে (৩৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ সময় ওই যুবলীগ নেতার দোকানঘর ভাংচুর ও তার স্ত্রীর উপর হামলা করা হয়। উপজেলার প্রসাদপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা ওই গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৪ ডিসেম্বর প্রসাদপুর নিকারীপাড়া জামে মসজিদে নামাজ পড়ার সময় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপি-জামায়াতপন্থি কয়েকজন কর্মী। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মাসুদ বিশ্বাস মসজিদে বসে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে মাসুদ বিশ্বাসকে জীবননাশের হুমকি দেয়। পরদিনও তারা মাসুদ বিশ্বাসের দোকানে হুমকি দেয়। মাসুদ ২৬ ডিসেম্বর সভার আহবান করেন। এ সময় সকলের সামনেই পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা মাসুদ বিশ্বাসকে কুপিয়ে জখম, দোকানঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় মাসুদ বিশ্বাস প্রসাদপুর গ্রামের হযরত বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।