মেয়েকে উত্ত্যক্তকারীর লাথিতে পিতার মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪২
জামালপুরের সরিষাবাড়ীতে মেয়েকে উত্ত্যক্তকারীর লাথির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। উপজেলার ভাটারা ইউনিয়নের চরপাড়া এলাকায় এক বখাটে যুবকের লাথির আঘাতে ঘটনাস্থলে মারা গেছে কমল উদ্দিন শেখ (৭০)। প্রেম এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শুক্রবার ভাটারা এলাকার চাঁন মিয়ার বখাটে পুত্র আনোয়ার হোসেন কালুর নেতৃত্বে এরশাদ আলীসহ একদল সন্ত্রাসী কমল উদ্দিন শেখের বাড়িতে হামলা করে তার কন্যা সবুজা আক্তারকে (১৮) জোর করে তুলে নেয়ার চেষ্টা করে। মেয়েকে রক্ষায় পিতা কমল উদ্দিন শেখ বাধা দিলে সন্ত্রাসী কালু মিয়া কিল, ঘুষি এবং লাথি মেরে মাটিতে ফেলে দেয়। অজ্ঞান অবস্থায় কমল উদ্দিন শেখকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কমল উদ্দিন শেখের স্ত্রী রেজিয়া বেগম সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।